হাইকোর্টে পাঁচটি রিটই খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে দায়ের করা পাঁচটি রিটই খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার বিকেলে বিস্তারিত শুনানি শেষে রিটগুলো খারিজ করে দেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, গত নভেম্বরে এসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৬৯-এর ২সিসি ক্ষমতাবলে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এসইসির ওই ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পাঁচটি রিট দায়ের করেন কয়েকজন পরিচালক। আদালত উভয় পক্ষের বিস্তারিত শুনানি শেষে আজ পাঁচটি রিটই খারিজ করে দেন। মাহবুবে আলম বলেন, এর ফলে বোঝা গেল যে ২সিসি ধারাটি বৈধ এবং এ ধারায় তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এসইসি প্রয়োজনীয় যেকোনো নির্দেশনা জারি করতে পারবে।শুনানি আজ বেলা ১১টায় শুরু হয়ে বিকেল সোয়া চারটার দিকে শেষ হয়। রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আকতার ইমাম ও রমজান আলী সিকদার। অন্যপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, আমীর-উল ইসলাম, ফজলে নূর তাপস ও হাসান আরিফ।