হাইকোর্টে ফিরলেন বিচারপতি নিজামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক হাইকোর্টে ফিরেছেন।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এনেক্স ভবনের ৬ নম্বর এজলাসকক্ষে তাঁকে বিচারকাজ পরিচালনা করতে দেখা যায়।আদালতে উপস্থিত একজন আইনজীবী বিচারপতিকে নববর্ষের শুভেচ্ছা জানান। নিজামুল হক বলেন, ‘মনে হচ্ছে তিন বছর পর বসলাম। সব নতুন লাগছে।’আদালত সূত্র জানায়, আজ বেলা পৌনে ১১টার দিকে এজলাসকক্ষে যান নিজামুল হক। আজ ১০ জানুয়ারি হাইকোর্টের কার্যতালিকায় দেখা যায়, শুনানির জন্য সিভিল রিভিশন মোকদ্দমা এবং একক বেঞ্চে গ্রহণযোগ্য সব লয়াজিমা বিষয়ে শুনানির এখতিয়ার নিজামুল হকের নেতৃত্বাধীন একক বেঞ্চকে দেওয়া হয়েছে।কার্যতালিকায় দেখা যায়, ১৬টি দেওয়ানি বিষয় শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।গত ১১ ডিসেম্বর বিচারপতি নিজামুল হক ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু ওই সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি চলছিল। ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট খুললেও আদালত সূত্র জানায়, ৯ জানুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে ছিলেন।নিজামুলের পদত্যাগ প্রসঙ্গে ওই সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, বিচারপতি নিজামুল হকের পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’। তবে বিচারপতির ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছিলেন, সম্প্রতি বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দীর্ঘ কথোপকথন ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশ করা হয়। স্কাইপের মাধ্যমে তাঁদের প্রায় ১৭ ঘণ্টার এই কথোপকথনে এমন কিছু বিষয় উঠে আসে, যা তাঁর জন্য বিব্রতকর ছিল। এ জন্য তিনি পদত্যাগ করেন।