হাইকোর্টে বিশৃঙ্খলার মামলায় আরেক আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর, সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এম ইউ আহম্মেদ নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান। এ নিয়ে এ মামলায় চার আইনজীবীকে গ্রেপ্তার করা হলো। এর আগে গ্রেপ্তার আইনজীবীরা হলেন, বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, এমইউ আহমেদকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাঁকে নির্যাতন করা হয়। তিনি অচেতন অবস্থায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিত্সাধীন রয়েছেন। গত ২ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এজলাসকক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। মুফতি ফজলুল হক আমিনীর মামলায় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ আদালতের অভিমতে এলে বিএনপিপন্থী আইনজীবীরা এতে জোর আপত্তি জানান। এ ঘটনায় ওই রাতেই ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন। গত ৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এম ইউ ছাড়া অন্য তিনজনকে মত্স্য ভবনের মোড় থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।