উত্ত্যক্তকারীদের সঙ্গে আপস করার পরামর্শ দেওয়ার ঘটনায় হাইকোর্টে হাজিরা দিয়েছেন বরগুনার বেতাগী থানার দুই পুলিশ কর্মকর্তা। তাঁরা হলেন—ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুক হোসেন।আজ মঙ্গলবার সকালে তাঁরা বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজিরা দেন। আদালত তাঁদের আগামী ২৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এ ছাড়া ওই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা আপস করার প্রস্তাব দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বরগুনার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁরা কোনো আপস প্রস্তাব দেননি। ৯ ফেব্রুয়ারি একই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং এ বিষয়ে ব্যাখ্যা দিতে বরগুনার বেতাগী থানার ওসিসহ দুই কর্মকর্তাকে আজ আদালতে তলব করেন। ওই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন প্রথম আলোতে ‘মেয়েটির এসএসসি পরীক্ষা শেষ করা হবে না!’ শীর্ষক প্রতিবেদনটি আদালতের নজরে আনেন। এ পরিপ্রেক্ষিতে আদালত ওসি মো. শাহ আলম ও সহকারী উপপরিদর্শক মো. ফারুক হোসেনকে তলব করেন। আদালত জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে ঘটনার শিকার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেন। ওই প্রতিবেদনে বলা হয়, বেতাগী উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী মেয়ের ব্যাপারে বখাটেরা কুরুচিপূর্ণ লিফলেট বিতরণ করে। বখাটেপনার শিকার মেয়েটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনা আপস করতে পুলিশ পরামর্শ দিয়েছিল বলে অভিযোগ ওঠে।