চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজ রোববার হাইকোর্টে হাজিরা দেন। ম্যাক করপোরেশনের ইয়ার্ডের মালিক আবুল কাশেমও আজ আদালতে হাজিরা দেন। আদালত আগামী ৬ মার্চ ওই ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৬ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত তাঁদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। জাহাজ কাটার সময় বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আদালত আজ মন্তব্য করেন, ‘মানুষকে পণ্য বা পশুর মতো ব্যবহার করবেন না।’ দীর্ঘদিন পর এফআইআর দায়ের আসামিদের বাঁচানোর চেষ্টা বলেও আদালত মন্তব্য করেন। প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি আদালত ওই দুজনকে আজ হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত ম্যাক করপোরেশনের ইয়ার্ডের ওই বিস্ফোরণে চার ব্যক্তির মৃত্যুতে কেন মামলা হয়নি, তা জানাতে ওসি নূর মোহাম্মদকে আজ হাইকোর্টে তলব করা হয়েছিল। সীতাকুণ্ডে জাহাজে বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুসংক্রান্ত সংবাদটি আদালতের নজরে আনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। আদালতের নির্দেশনা অনুসরণ না করায় ওইদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।