হাইকোর্টে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গতকাল রোববার ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারকের সংখ্যা দাঁড়াল ৩২ জনে। শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে বিচারপতি নিয়োগ নিয়ে গতকাল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী লীগ ও বিএনপিপন্থী নেতারা।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমান অতিরিক্ত বিচারকদের নিয়োগ দেন।নিয়োগ পাওয়া বিচারকেরা হলেন: সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফারুক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাজমুল আহাসান, ঢাকা মহানগর দায়রা জজ কৃষ্ণা দেবনাথ, ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহ, আইনজীবী আবদুর রব, কাজী রেজা-উল হক, আবু জাফর সিদ্দিকী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক, আইনজীবী জাহাঙ্গীর হোসেন, শেখ মো. জাকির হোসেন, হাবিবুল গনি, রুহুল কুদ্দুস, গোবিন্দচন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ, জে বি এম হাসান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খসরুজ্জামান।আইনজীবীদের মতান্তর: হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ নিয়ে গতকাল দুপুরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। কয়েক মিনিটের ব্যবধানে সমিতি ভবনে এ ঘটনা ঘটে। প্রধান বিচারপতির সুপারিশ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিচারপতি নিয়োগ না দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ঘোষণা দেন। অন্যদিকে বিচারপতি নিয়োগের আগেই এ নিয়ে মন্তব্য করায় এর প্রতিবাদ জানান সমিতির আওয়ামী লীগ সমর্থক সদস্যরা। সোয়া একটায় সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি বিএনপির সমর্থক খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘হাইকোর্ট হাইকোর্টের জায়গায় এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের জায়গায় রাখতে হবে। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবাদমাধ্যমে যাঁদের নাম এসেছে, তাতে আমরা আতঙ্কিত। প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে এবং যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে বিচারপতি নিয়োগ দিতে হবে।’সভাপতির কক্ষে এ সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, বিএনপির নেতা মো. জয়নাল আবেদীন ও সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।অন্যদিকে দেড়টায় সমিতির দক্ষিণ হলে সংগঠনের সহ-সভাপতি ফজলুল হক খান ও সহ-সম্পাদক মোশফাকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মোশফাকুর রহমান বলেন, ‘সমিতির বিধান অনুযায়ী প্রস্তাব ও বিষয়বস্তু নির্ধারণ ছাড়াই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এটি যথাযথ হয়নি। তাই সভাপতির দেওয়া বক্তব্য তাঁর ব্যক্তিগত মত। বিচারপতি নিয়োগের আগেই এ ধরনের মন্তব্য করা সমীচীন নয়।’আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একজন আইনজীবী নিয়োগসুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান হাওলাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকার বিশেষ কৌঁসুলি (পিপি) হিসেবে তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে। আবদুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।