হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত
একজন আইন বিশেষজ্ঞের সঙ্গে এক বিচারপতির স্কাইপ কথোপকথন হ্যাকিং ও তা প্রকাশ করা নিয়ে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ছয় সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।আজ বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা এ আদেশ দেন। একই সঙ্গে এ সময়ের মধ্যে আবদনকারী পক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও মো. সালেহ উদ্দিন। অপরপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজহার উল্লাহ ভূঁইয়ার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন।পরে এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। ১৩ ডিসেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, তথ্যসচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।একই সঙ্গে স্কাইপ সংলাপ বিষয়ে ‘আমার দেশ’-এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মুদ্রণ ও প্রকাশনা আইনের কোনো ধারা লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রয়োজন হলে বিষয়টি প্রেস কাউন্সিলের বিবেচনার জন্য পাঠাতে বিবাদীদের বলা হয়েছে।এ ছাড়া রুল নিষ্পত্তির অপেক্ষায় থাকা অবস্থায় অবৈধভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ধরনের আক্রমণাত্মক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, নেওয়া হলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন ৭ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।