আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।আজ রোববার সাড়ে ১২টায় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে পত্রিকাটি প্রকাশনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। দৈনিক আমার দেশ প্রত্রিকার প্রকাশনা বাতিল করে ঢাকা জেলা প্রশাসকের দেওয়া আদেশের কার্যকারিতা গত ১০ জুন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পরে ওই মাসের ১৫ তারিখ হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য রহিত করেন চেম্বার বিচারপতি। কিন্তু আপিল বিভাগ প্রকাশনা বাতিল বহাল রাখতে সরকারের আবেদন আজ খারিজ করে দিলো। আইনজীবী মওদুদ আহমদ বলেন, আমার দেশ পত্রিকার প্রকাশনা বিষয়ে সরকারের আবেদন খারিজ করা হয়েছে। চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এটি সংবাদপত্র ও মিডিয়ার বিজয়। ফলে পত্রিকা প্রকাশে আর কোনো বাধা নেই।আইনজীবী রফিক-উল হক বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। মাহমুদুর রহমানের বিষয় নয়। সংবাদপত্রের স্বাধীনতার বিজয়। প্রেসের বিজয়। মাহমুদুর রহমান উপলক্ষ মাত্র।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আপিল বিভাগের আদেশে পত্রিকা প্রকাশের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ ছাড়া ছাপাখানা আইনের ১২ ধারা অনুসারে প্রকাশক ছাড়া পত্রিকা প্রকাশ করা যায় না। এ হিসেবে পত্রিকাটির বর্তমানে কোনো প্রকাশক নেই। প্রকাশক না থাকায় পত্রিকা প্রকাশ সংগত হবে না বলে তিনি জানান।আদেশ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের আবেদন খারিজ করা হয়েছে। পক্ষদ্বয়কে হাইকোর্টে রুল শুনানির উদ্যোগ নিতে বলেছেন আদালত।গত ১ জুন ঢাকা জেলা প্রশাসক পত্রিকাটির প্রকাশনা বাতিল করেন। বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশের প্রকাশনা বাতিল করা হয়। এরপর ২ জুন ভোর রাতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।