কোম্পানির প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) ভিত্তিতে শেয়ারের বিপরীতে ঋণ বিতরণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আদেশের কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস ফোর্স সেল (জোরপূর্বক বিক্রি) করা সংক্রান্ত বিধানের স্থগিতাদেশটিও স্থগিত করা হয়েছে। হাইকোর্ট এসইসির আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছিলেন।আজ রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।হাইকোর্টের রুল নিষ্পত্তি পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন, এ স্থগিতাদেশের ফলে ফোর্স সেলিং এবং এনএভি মার্জিন লোন নির্ধারণসংক্রান্ত এসইসির দেওয়া আদেশ বা সিদ্ধান্ত বহাল রইল। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এনএভি-ভিত্তিক মার্জিন লোন নির্ধারণ ও ফোর্স সেলিংয়ের ব্যাপারে এসইসির নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছিলেন। একই সঙ্গে এসইসির ওই সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির কাছে আবেদন করে এসইসি কর্তৃপক্ষ। চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।আজ আপিল বিভাগে রিট আবেদনকারীর পক্ষে রোকনউদ্দিন মাহমুদ, শেখ ফজলে নূর ও আবুল কালাম আজাদ এবং এসইসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন।