এক আইন বিশেষজ্ঞের সঙ্গে একজন বিচারপতির স্কাইপে কথোপকথন প্রকাশ করা নিয়ে আমার দেশ-এর বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।গতকাল বুধবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা এ আদেশ দেন। এই সময়ের মধ্যে আবেদনকারী পক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজহার উল্লাহ ভূঁইয়ার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে স্কাইপে সংলাপ বিষয়ে আমার দেশ পত্রিকায় প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মুদ্রণ ও প্রকাশনা আইনের কোনো ধারা লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া রুল নিষ্পত্তির অপেক্ষায় থাকা অবস্থায় অবৈধভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ধরনের আক্রমণাত্মক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়।হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়েআমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গত রোববার আবেদন করেন। তাঁর পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, এ জে মোহাম্মদ আলী ও মো. সালেহ উদ্দিন। অন্য পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।এম কে রহমান চেম্বার বিচারপতির হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করা এবং নিয়মিত লিভ টু আপিলের নির্দেশনার কথা প্রথম আলোকে জানান।