হাইকোর্টের আদেশ স্থগিত, পত্রিকা প্রকাশ করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিকআমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকরতা চার সপ্তাহের জন্য রহিত করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ১ জুন ঢাকার জেলা প্রশাসক পত্রিকাটির প্রকাশনা বাতিল করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘আমার দেশ-এর প্রকাশনা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় এখন পত্রিকাটি আর প্রকাশ করার সুযোগ নেই।’এর আগে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের আদেশের দুই ঘণ্টার মধ্যে আপিল আবেদন করা হয়েছিল। দীর্ঘদিন পত্রিকাটির প্রকাশক নেই। প্রকাশক হাসমত আলী অনেক আগেই পদত্যাগ করেছেন। মাহমুদুর রহমানের প্রকাশক হওয়ার আবেদন সরকার গ্রহণ করেনি। এ অবস্থায় পত্রিকাটি প্রকাশ করা বেআইনি। প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের পরিপ্রেক্ষিতে ১০ জুন হাইকোর্টের একটি বেঞ্চ জেলা প্রশাসকের দেওয়া আদেশের কার্যকরতা তিন মাসের জন্য স্থগিত করেছিলেন। একই সঙ্গে প্রকাশক হতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা আবেদন খারিজ করে জেলা প্রশাসকের দেওয়া আদেশও স্থগিত করা হয়। হাইকোর্টের ওই আদেশ স্থগিতের জন্য ওই দিনই আপিল বিভাগে আবেদন করে সরকারপক্ষ। গতকাল এ আবেদনের শুনানি হয়।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও রফিক-উল হক মামলা পরিচালনা করেন। বৈধ প্রকাশক না থাকার অভিযোগে ১ জুন আমার দেশ-এর প্রকাশনা বাতিল করা হয়। পরদিন ভোররাতে পুলিশ পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে। আর প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আমার দেশ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী রিট আবেদনটি করেন। মাহমুদুর রহমানের রিমান্ড: এদিকে তিন মামলায় মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্ট বলেছিলেন এর আগে দেওয়া আদালতের নির্দেশনা অনুসরণ করতে। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের ওপর গতকাল কোনো আদেশ দেননি আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা। তবে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। তবে মাহমুদুর রহমানের কৌঁসুলি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ইতিপূর্বে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে নির্দেশ দেন। হাইকোর্টের ওই আদেশের ওপর গতকাল আপিল বিভাগ কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকছে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনার বিষয়ে তিনি বলেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করা যাবে না, জিজ্ঞাসাবাদের আগে ও পরে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পুলিশের কাজে বাধাদান, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে সংশ্লিষ্টতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় রিমান্ড বাতিল চেয়ে হাইকোর্টে মাহমুদুর রহমান আবেদন করেছিলেন। পুলিশ কমিশনারের বক্তব্য: মাহমুদুর রহমানের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাহমুদুর রহমান একজন বিশিষ্ট ব্যক্তি। তাঁর ওপর কোনো ধরনের অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে না। যাঁরা এ অভিযোগ করছেন, তাঁরা অতীতে এ ধরনের ঘটনা দেখেছেন বা শুনেছেন, সেই ধারণা থেকে মনগড়া কথা প্রচার করছেন। আইনের বাইরে পুলিশ এক কদমও যাবে না। হাইকোর্টের নির্দেশনার প্রয়োজন নেই। পুলিশ এমনিতেই তাঁকে নির্যাতন করবে না। গতকাল রাজারবাগে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভার পর এ সংবাদ সম্মেলন হয়। উত্তরা কেলেঙ্কারির ১৩ কর্মকর্তার জামিন বহাল: রাষ্ট্রদ্রোহের মামলায় দায়িত্বরত ১১ ও সাবেক দুই সরকারি কর্মকর্তার আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে বহাল রয়েছে। হাইকোর্ট তাঁদের আগাম জামিন দিয়েছিলেন। সরকারপক্ষ এ আদেশ স্থগিত করার আবেদন করে। তবে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার জন্য বলেন। ফলে হাইকোর্টের দেওয়া চার মাসের আগাম জামিনের আদেশ বহাল থাকছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।২০০৬ সালের ২৪ নভেম্বর উত্তরায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা বৈঠক করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন—এ অভিযোগে এই রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়। মানববন্ধন: মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক, সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য শওকত মাহমুদ, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, সাবেক সচিব আ ন হ আক্তার হোসেন প্রমুখ।