আপিল বিভাগ জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালনের ওপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে নতুন কমিটি তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ ছাড়া হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্ব্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। অন্যদিকে ঢাকা জেলা জজ আদালতে বিচারাধীন আবেদনটি ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম পরিচালনার পক্ষে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি হয়। এরপর চেম্বার বিচারপতি এস কে সিনহা বিষয়টি আজ বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। প্রসঙ্গত, ১০ জানুয়ারি চতুর্থ সহকারী জেলা জজ আদালত জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে তাঁর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। একই সঙ্গে নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সাত দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। এর বিরুদ্ধে নতুন কমিটির সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ হাইকোর্টে আবেদন করেন। এর ওপর শুনানি শেষে ১৬ জানুয়ারি হাইকোর্ট নিম্ন আদালতের ওই আদেশ স্থগিত করেন। এর বিরুদ্ধে সভাপতি পদে পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক সাইফুল আলম গতকাল আপিল বিভাগে আবেদন করেন।