হাইকোর্টের চার স্থায়ী বিচারপতির শপথ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন চার বিচারপতিকে পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান। চারজন বিচারপতি হলেন: ভবানী প্রসাদ সিংহ, আনোয়ারুল হক, মো. আকরাম হোসেন চৌধুরী ও মো. আশরাফুল কামাল। শপথ গ্রহণের দিন থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে বলে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় এনেক্স মিলনায়তনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০১০ সালের ৯ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দুই বছরের জন্য চার বিচারককে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন। একই বছর ১২ ডিসেম্বর চারজন বিচারপতি শপথ নেন। গতকাল চারজনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আজ সকালে তাঁরা শপথ নেন।সূত্র জানায়, এই চার বিচারপতিসহ হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতির সংখ্যা ৮১ জন। হাইকোর্টে ১৬ জন অতিরিক্ত বিচারক রয়েছেন।