হাইকোর্টের নির্দেশনা আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় হিযবুত তাহ্রীরের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রিমান্ডের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত হয়নি।হাইকোর্টের নির্দেশনা-সংক্রান্ত আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের নির্দেশনা বহাল রয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।জানা যায়, উত্তরা থানার এ মামলায় রিমান্ড বাতিল চেয়ে জামায়াতের ওই তিন নেতার করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই হাইকোর্ট কিছু নির্দেশনা দেন। নির্দেশনায় তাঁদের জন্য ফিজিওথেরাপির ব্যবস্থা করা, আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ ও পরামর্শ করা এবং প্রত্যেককে বালিশ দেওয়ার কথা বলা হয়। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এ আবেদনের ওপর গতকাল সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং জামায়াতের তিন নেতার পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও ইমরান এ সিদ্দিক মামলা পরিচালনা করেন।ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে জানান, চেম্বার বিচারপতি কোনো আদেশ দেননি। ফলে ওই তিনজনের রিমান্ডের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নির্দেশনা-সংক্রান্ত আদেশ বহাল রয়েছে। ইতিমধ্যে তাঁদের রিমান্ড শেষ হয়ে গেলেও ভবিষ্যতে এ নির্দেশনা নজির হিসেবে কাজ করবে।