হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেননি আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙার জন্য আমদানি করা জাহাজ বাংলাদেশে আনার আগে বর্জ্যমুক্ত করার হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি চার মাসের জন্য মুলতবি করেন। শুনানিকালে আদালত পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করে জাহাজভাঙা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।আদালতে শিপ ব্রেকার্সদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আজমামুল হোসেন কিউসি, আনিসুল হক শুনানি করেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে সৈয়দ আমীরুল ইসলাম, এ এম আমিনউদ্দিন, সৈয়দা রিজওয়ানা হাসান, ইকবাল কবির মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের আইনজীবীরা শুনানিতে বলেন, জাহাজভাঙা শিল্প নিয়ন্ত্রণে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা দেশের উন্নয়নে জাহাজভাঙা শিল্পের ভূমিকাকে ভারসাম্যহীনভাবে বাধাগ্রস্ত করছে। এ পর্যায়ে আদালত মন্তব্য করেন, জীবনের সঙ্গে অন্য কিছুর ভারসাম্য সমীচীন নয়।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, জাহাজ আমদানির ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের বর্জ্যমুক্তকরণ ছাড়পত্র নেওয়া-সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। ওই আদেশ বহাল রয়েছে। ছাড়পত্রের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারকে মৌখিকভাবে বলা হয়েছে। রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনাগুলো বাস্তবায়ন করার কথা বলেছেন আদালত। শিপ ব্রেকার্সদের সঙ্গে সরকার একীভূত না হয়ে গেলে শিপ ব্রেকিং শিল্প এত দিনে নিয়ন্ত্রণে আনা যেত।জানা যায়, গত বছরের ৫ ও ১৭ মার্চ হাইকোর্টের এক রায়ে জাহাজভাঙা বিষয়ে ৯ দফা নির্দেশনা দেওয়া হয়। এতে বাংলাদেশে আনার আগেই আমদানি করা জাহাজের প্রি-ক্লিনিং বা বর্জ্যমুক্তকরণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এরপর বেলার করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ মে হাইকোর্ট দেশে ভাঙার জন্য আমদানি করা সব জাহাজের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্তকরণ সনদ নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দেন। পাশাপাশি আদালত বলেন, শুধু গ্রিনপিসভুক্ত জাহাজের ক্ষেত্রে নয়, এ আদেশটি সব জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। আইনগত বাধ্যবাধকতা মেনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে জাহাজ আমদানির ক্ষেত্রে সমুদ্র অধিদপ্তরের মহাপরিচালককে অনাপত্তিপত্র দিতে বলা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি ও ১১ মে আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন আপিল বিভাগে আবেদন করে। এর ওপর গতকাল শুনানি হয়।