হাইকোর্টের নির্দেশে আদালতে সাবেক দুই প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে রাস্তা ও নকশা-বহির্ভূত জমিতে প্লট বরাদ্দ দেওয়ায় বিষয়ে ব্যাখ্যা জানাতে সাবেক দুই প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও মেজর (অব.) কামরুল ইসলাম আজ বুধবার আদালতে হাজির হয়েছেন। বিএনপির নেতৃত্বাধীন সরকারের শাসনামলে তাঁরা মন্ত্রী ছিলেন।গত ৯ মে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেন। ওই দিন হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে রাস্তা ও নকশা-বহির্ভূত জমিতে বরাদ্দ দেওয়া প্লটের পরবর্তী কার্যক্রমে স্থগিতাদেশও দেন হাইকোর্ট। একই সঙ্গে রাস্তার জমি এবং ‘নকশা-বহির্ভূত জমি’ প্লট হিসেবে বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওই প্রকল্পে রাস্তার জমি ও নকশা-বহির্ভূত জমিতে গত ১০ বছরে কাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, এর তালিকা আদালতে দাখিল করতে রাজউকের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। রুলে বেগুনবাড়ি প্রকল্পের অভ্যন্তরে নামমাত্র মূল্যে প্লট বিক্রির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের নির্দেশ কেন দেওয়া হবে না—এই মর্মে দুদকের মহাপরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে। ব্যাখ্যা জানাতে জিয়াউল হক জিয়া ও মেজর (অব.) কামরুল ইসলামের পাশাপাশি কামরুলের স্ত্রী নাজমা বেগম ও জিয়াউল হক জিয়ার ছেলে জয় এবং রাজউকের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে আজ আদালতে হাজির থাকতে বলা হয়।আদালতকে সহায়তার জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারওয়ার জাহান, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান এবং স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান স্থপতি আবুল হাসনাতকেও আজ আদালতে হাজির হতে আহ্বান জানানো হয়েছে।হাতিরঝিল ও বেগুনবাড়ি প্রকল্প নিয়ে ‘রাস্তাকে প্লট বানিয়ে ভাগাভাগি’ এবং ‘সড়ক প্রকল্প রাতারাতি হয়ে গেল শিল্প প্লট’ শিরোনামে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। গত বুধবার এই দুটি প্রতিবেদনসহ একটি নিবন্ধ আদালতের নজরে আনেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান। শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল জারি করেন ও আদেশ দেন।