হাইকোর্টের নির্দেশেও নদীর দখল ছাড়েননি সাংসদ রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় নদীতীরের জায়গা দখল ও ভরাট করে বিপণিবিতান নির্মাণ শুরু করেছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনি। ওই স্থাপনাকে অবৈধ ঘোষণা করে তা অপসারণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ কার্যকর হয়নি।গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকায় রামনাবাদ নদীতীরের প্রায় আট একর জায়গা দখল করা হয় ২০০৯ সালের শুরুর দিকে। জায়গা ভরাটের জন্য স্থলভাগ থেকে নদীর ভেতরের দিকে দেড় শ মিটার এগিয়ে উঁচু দেয়াল নির্মাণ করা হয়। এ নিয়ে ২০০৯ সালের ২১ আগস্ট প্রথম আলোয় ‘গলাচিপায় নদীর তীর ভরাট করে চলছে মার্কেট নির্মাণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নদী উদ্ধারে হাইকোর্টে রিট করে।বেলা ও মামলার নথিপত্রের সূত্রে জানা গেছে, রিটে সাংসদ গোলাম মাওলাকে ৫ নম্বর বিবাদী করা হয়। বাকি বিবাদীরা হলেন ভূমি মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বরিশাল বিভাগীয় কমিশনার, পটুয়াখালী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।২০১০ সালের ৪ মে প্রাথমিক শুনানির পর আদালত ওই জায়গায় স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেন। রুলের পূর্ণাঙ্গ শুনানির পর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ২০১১ সালের ৯ জুন আদেশ দেন। তাতে ওই স্থাপনাকে অবৈধ ঘোষণা করে তা ৬০ কর্মদিবসের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, দখল করা জায়গা আগের মতোই আছে। নদীর মধ্যে করা উঁচু দেয়াল সরানো হয়নি। ভরাট করা জায়গায় ইট-বালু রেখে ব্যবসা করছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।জানতে চাইলে অন্যতম বিবাদী গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নিষেধাজ্ঞাসহ রুল জারিসংক্রান্ত হাইকোর্টের একটি আদেশ আমরা পেয়েছিলাম। কিন্তু ওই রুলের নিষ্পত্তি এবং সেখানকার স্থাপনা অপসারণসংক্রান্ত আদেশ আমরা পাইনি।’তবে বেলার আইন কর্মকর্তা লিংকন বায়েন গতকাল প্রথম আলোকে জানান, আদেশের অনুলিপি তাঁরা পেয়েছেন। হাইকোর্টের ওই আদেশের পরিপ্রেক্ষিতে বিবাদীপক্ষ আর কোনো আবেদনও করেনি। ফলে ওই আদেশ এখনো বহাল আছে।২০০৯ সালে প্রথম আলোয় এই নদী দখল নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ওই বছরের ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রথম আলোর গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেনের বিরুদ্ধে পর পর চারটি সাজানো মামলা করেন গোলাম মাওলার অনুসারীরা। এর মধ্যে তিনটি মামলায় প্রথম আলোর প্রতিনিধির ছোট ভাই সাইমুন রহমানকেও আসামি করা হয়।কারাগারে সাংসদের সঙ্গে স্ত্রী-সন্তানের সাক্ষাৎ: গাজীপুর প্রতিনিধি জানান, সাংবাদিক পেটানোর মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী গোলাম মাওলার সঙ্গে তাঁর স্ত্রী কামরুন্নাহার গতকাল দুপুরে দেখা করেছেন। এ সময় ছেলে রিয়াদ ও মেয়ে নন্দিনী তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা সাংসদকে কিছু কাপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে যান বলে কর্তৃপক্ষ জানিয়েছে।গোলাম মাওলা ২০ জুলাই রাজধানীতে তাঁর কার্যালয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধর করেন।