হাইকোর্টের বিভক্ত রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ আগস্ট বোমা হামলা মামলায় হাইকোর্ট বিভক্ত রায় দিয়েছেন। রায়ে এক বিচারপতি মৃত্যুদণ্ড পাওয়া ২১ জন আসামিকে খালাস দিয়েছেন। অপর বিচারপতি আসামিদের সাতজনকে খালাস এবং ১৪ জনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।আজ রোববার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ বিভক্ত রায় দেন।নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩টি জেলায় বোমার বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় ঝিনাইদহে করা এক মামলায় ২১ আসামির মৃত্যুদণ্ড হয় নিম্ন আদালতে। এরপর মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চ এই বিভক্ত রায় দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান বলেছেন, এই পরিস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে যাবে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বোমা হামলার ঘটনায় ২০০৫ সালের ১৭ আগস্ট ঝিনাইদহ থানায় একটি মামলা করা হয়। বিচারিক আদালত পরের বছর ২৮ ফেব্রুয়ারি মামলার রায় দেন। ওই রায়ে ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলার আসামিরা হলেন, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, নাসরুল্লাহ, রোকন্নুজ্জামান, আবু তালেব আনসারি, মোহন, মামুনুর রশিদ, মুহিদ,মোজাম্মেল হক, তুহিন রেজা, সবুজ আলী, আমিরুল, ফারুক হোসাইন, মতিন মেহেদি, জহিরুল আল মামুন, বিল্লাল হোসেন, সদরুদ্দিন, রবজেল হোসেন, আজিজুর রহমান, ইউনুস আলী ও আজিমউদ্দিন। ওই রায় নিশ্চিত করার জন্য বিষয়টি হাইকোর্টে আসে। তিন দিন শুনানির পর আদালত আজ রায় দেওয়া শেষ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহন বলেন, জ্যেষ্ঠ বিচারপতি ২১ জন আসামিকে খালাস দিয়েছেন। তবে কনিষ্ঠ বিচারপতি সাতজন আসামিকে খালাস দিয়েছেন। বাকি ১৪ জনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মোহন আরও বলেন, বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠাবেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুসারে কনিষ্ঠ বিচারপতির আদেশে যে সাতজনকে খালাস দেওয়া হয়েছে তাঁরা হলেন, জহিরুল আল মামুন, বিল্লাল হোসেন, সদরুদ্দিন, রবজেল হোসেন, আজিজুর রহমান, ইউনুস আলী ও আজিমউদ্দিন। বাকি ১৪ জন আসামির মৃত্যুদণ্ডের আদেশ পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়।