ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া-সুবর্ণচর) আসনের ফলাফল বাতিল-সংক্রান্ত হাইকোর্টের রায়ের কার্যকরতা স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি এ-সংক্রান্ত আবেদনের ওপর আগামী ৫ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। আজ সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন।২৬ আগস্ট হাইকোর্ট নোয়াখালী-৬ আসনের ফলাফল বাতিল করে ১০টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছিলেন।জানা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফজলুল আজিম নির্বাচিত হন। তবে নির্বাচনের আগের দিন ১০টি ভোটকেন্দ্র পুনর্বিন্যাস, ভোটার স্থানান্তরসহ কারচুপির অভিযোগে ওই আসনের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী আয়েশা ফেরদাউস গত বছরের ২৩ ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। এর ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৬ আগস্ট ওই রায় দেন।হাইকোর্টের রায়ে স্থগিতাদশে চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির বেঞ্চে আবেদন করেন ফজলুল আজিম। শুনানি শেষে আদালত আজ হাইকোর্টের রায়ের কার্যকরতা স্থগিত করেন।এ ব্যাপারে আয়েশা ফেরদাউসের কৌঁসুলি শামীম হায়দার পাটোয়ারী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকরতা স্থগিত করেছেন আপিল বিভাগ। আগামী ৫ অক্টোবরের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। ওই দিন এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে বলে তিনি জানান।