হাইকোর্টের রায় বাস্তবায়নে সরকারের বাধা ছিল না: মাহবুবে আলম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, হাইকোর্টের রায় বাস্তবায়নে সরকারের কোনো বাধা ছিল না। কারণ, আপিল বিভাগে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনটি তাঁরা (খালেদার আইনজীবীরা) পরিচালনা করেননি।মাহবুবে আলম আরও বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা এ আবেদনটি কেন পরিচালনা করেননি, সেটা তাঁরাই ভালো জানেন। হাইকোর্টের রায় স্থগিত হয়নি এটাও তাঁরা জানতেন। স্থগিতাদেশ চেয়ে আবেদন করলেই তা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায়, এটা ভুল ব্যাখ্যা। তাঁরা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, বিভ্রান্ত করছেন। কেবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আপিল করলে রায় স্থগিত হয়ে যায়। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এসব কথা বলেন।মাহবুবে আলম বলেন, ‘গতকাল শনিবার খালেদা জিয়ার আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে যান। নিয়ম হলো কোনো পক্ষ প্রধান বিচারপতির কাছে গেলে অন্য পক্ষকে তা অবহিত করতে হয়। কিন্তু আমাকে বা আমার অফিসকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাঁরা প্রধান বিচারপতির কাছে গিয়েছেন। এভাবে যাওয়া বেআইনি। পেশার নীতির বাইরে।’ খালেদা জিয়ার আবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দরখাস্তের কার্যকারিতা নেই। তবে আপিল বিভাগে তাঁর পক্ষে রায় গেলে তিনি বাড়ি ফেরত পাবেন। খালেদার আইনজীবীদের আপিল বিভাগে বিচারাধীন আবেদনটি পরিচালনার জন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।