সেনানিবাসের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত না করে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠান। আজ আবেদনটির ওপর শুনানি হবে।খালেদা জিয়ার আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালত অঙ্গনে উপস্থিত হয়েছিলেন বিএনপি ও এর সমর্থক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা এ সময় নানা স্লোগান দেন। আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত না করে চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আজ বুধবার শুনানি হবে।খালেদা জিয়ার রিট শুনানির পর ১৩ অক্টোবর তা খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন আদালত। রায়ে বিএনপির চেয়ারপারসনকে বাড়ি খালি করার জন্য কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এ রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ৮ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। বিষয়টি গতকাল শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল।এদিকে বাড়ি নিয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই সুপ্রিম কোর্ট অঙ্গনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। আর আদেশের পর বিকেল চারটার দিকে তাঁরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষের সামনে অবস্থান নিয়ে ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। নিচেও সমিতি ভবনের সামনে নেতা-কর্মীরা কয়েক ভাগে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছিলেন। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ তৈরি থাকলেও সেরকম কিছু ঘটেনি। এর আগে বেলা দেড়টার দিকে বিএনপির মহিলা কর্মীরা হাইকোর্ট ও সমিতি ভবনের সংযোগ সেতুতে অবস্থান নিয়ে হইচই করেন। শুনানিকে কেন্দ্র করে আদালত অঙ্গনের নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রবেশকালে তল্লাশিও করা হয়।প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলেন, চেম্বার বিচারপতির এজলাসে শুনানি শুরুর আগে বিএনপি-সমর্থক আইনজীবীদের সঙ্গে সরকার-সমর্থক আইনজীবীদের হইচই ও মৃদু ধাক্কাধাক্কি হয়। জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এজলাসে আসার পর চেম্বার বিচারপতি আপিল বিভাগের তালিকাভুক্ত নন এমন আইনজীবীদের এজলাস ত্যাগ করতে নির্দেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার জন্য দেওয়া চূড়ান্ত নোটিশটি লিভ টু আপিলে সংযুক্ত করা হয়নি। এর ওপর রুল হয়েছে। আদালত খালেদা জিয়ার আইনজীবীর বক্তব্য শুনতে চাইলে টি এইচ খান বলেন, হাইকোর্টের রায়ের ওপর আপিল দায়ের করার জন্য ৬০ দিন সময় পাওয়া ব্যক্তির আইনি অধিকার। অথচ হাইকোর্ট বিষয়টি বিবেচনা করেননি। হাইকোর্টের রায়ে তাঁকে (খালেদা জিয়া) বাড়ি ছাড়তে ৩০ দিন সময় দিতে বলা হয়েছে। হাইকোর্টের রায়ের কার্যকারিতা জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখার আরজি জানিয়ে টি এইচ খান বলেন, ওই সময়ে লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করা হোক।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংসদের অধিবেশনে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ অনুসারে বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে নোটিশ দেওয়া হয়েছে। জবাবে টি এইচ খান বলেন, রেজিস্ট্রি দলিলের মাধ্যমে সেনানিবাসের বাড়িটি খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। তাই নোটিশের মাধ্যমে ওই দলিল বাতিল করা যায় না।মাহবুবে আলম বলেন, অবৈধ ইজারা আদালতের মাধ্যমে বাতিল করতে হয় না। তা শুরু থেকেই অবৈধ। একপর্যায়ে আদালত লিভ টু আপিলটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।এ সময় সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রমুখও উপস্থিত ছিলেন। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব হোসেন, জমির উদ্দিন সরকার, মাহবুবউদ্দিন, এম বদরুদ্দোজা, নাসিরউদ্দিন আহমেদ অসীম, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম প্রমুখ।বিএনপির মহাসচিবের বক্তব্য: গতকাল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশ বাহিনী দিয়ে যে ধরনের অমানবিক, ন্যক্কারজনক আচরণ করছে, তাতে মনে হয় তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অবিলম্বে ফ্যাসিবাদী আচরণ থেকে সরকার সরে না এলে জনগণকে নিয়ে দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে তোলা হবে। হাইকোর্ট চত্বর থেকে আটক বিএনপির নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। রাতে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ১০-১৫ জনকে সুপ্রিম কোর্টের ফটক থেকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।