সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায়ের কিছু অংশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।এ ব্যাপারে আজ আপিলকারীর আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কিছু অংশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। হাইকোর্ট সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। তবে সিদ্দিক আহমেদের সাজা বাতিল করা হয়নি। আদালতের নির্দেশ অনুসারে তিনি গত বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তিনি কারাগারে আছেন। অবকাশের পর সিদ্দিক আহমেদের জামিনের আবেদন ও আপিলের ওপর শুনানির উদ্যোগ নেওয়া হবে।জানা যায়, গত বছরের ২৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনী সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেন। ওই সংশোধনীতে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলের বৈধতা দেওয়া হয়েছিল। এরশাদের শাসনামলে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদের করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত ওই রায় দেন। এ রায়ের কিছু অংশের বিরুদ্ধে সিদ্দিক আহমেদ আপিল করেন।