সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের কিছু অংশের বিরুদ্ধে আপিলের শুনানি হবে কাল বুধবার। আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিলকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে কাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। আপিলকারীর আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে জানান, এরশাদের শাসনামলে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদের সাজার বিষয়ে আদালত বলেছেন, অন্য কোনো ফোরামে আবেদনের জন্য এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে। সাজা-সংক্রান্ত বিষয়ে আপিল করা হয়েছে। কাল নিয়মিত বেঞ্চে শুনানি হবে। গত ১১ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।জানা যায়, গত বছরের ২৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনী সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেন। ওই সংশোধনীতে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের বৈধতা দেওয়া হয়েছিল। এরশাদের শাসনামলে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত সিদ্দিক আহমেদের করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত ওই রায় দেন। এ রায়ের কিছু অংশের বিরুদ্ধে সিদ্দিক আহমেদ আপিল করেন।