সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কিছু অংশের বিরুদ্ধে করা আপিলের ওপর আজ রোববার থেকে শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে শুনানি হয়।শুনানিকালে আদালত তিনজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন। তাঁরা হলেন, জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি। আজ দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শুনানি চলে। শুনানিতে অংশ নেন আপিলকারী সিদ্দিক আহমেদের আইনজীবী সৈয়দ আমীরুল ইসলাম ও হাসান এম এস আজিম।হাসান এম এস আজিম পরে প্রথম আলোকে জানান, শুনানিতে হাইকোর্টের রায় পড়ে শোনানো হয়েছে। জানা যায়, গত বছরের ২৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনী সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেন। এরশাদের শাসনামলে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদের করা রিটের শুনানি শেষে আদালত ওই রায় দেন। এ রায়ের কিছু অংশের বিরুদ্ধে সিদ্দিক আহমেদ গত ১১ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন।