হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বিচারপতি সম্পর্কে জাতীয় সংসদের স্পিকারের দেওয়া রুলিংয়ের আইনগত ভিত্তি নেই—এ মর্মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে চিঠি দিয়েছে বলে সূত্র জানিয়েছে।এ বিষয়ে গতকাল সন্ধ্যায় আইনমন্ত্রী শফিক আহমেদ স্পিকার আবদুল হামিদের সঙ্গে বৈঠক করে সরকারের সিদ্ধান্ত তাঁকে জানান। জাতীয় সংসদে স্পিকারের দপ্তরে এ বৈঠক হয়।জানতে চাইলে এ বিষয়ে স্পিকার কোনো মন্তব্য করেননি। তবে সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকার সরকারের মতের সঙ্গে একমত হতে পারেননি। তিনি বিষয়টি সংসদের ওপর ছেড়ে দিতে চান। বৈঠকে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানও উপস্থিত ছিলেন।বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল করার চিন্তাভাবনা আছে। আশা করা যায়, আগামী ৪ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় সংসদের চতুর্দশ অধিবেশনের আগেই বিতর্কের অবসান হবে।এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘স্পিকার রুলিং দিতেই পারেন। এসব বিষয় সংসদের মেজাজের ওপর নির্ভর করে।’ একই বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট রিট নিষ্পত্তির আদেশ দিয়েছেন। রুল জারি হয়নি, প্রতিপক্ষের বক্তব্যও শোনা হয়নি। এতে অসংগতি আছে। এর বিরুদ্ধে লিভ টু আপিল দায়েরের চিন্তাভাবনা চলছে।’বৈঠকের পর সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এই রায় অগ্রহণযোগ্য এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ৭৮ অনুচ্ছেদ সংবিধানের অন্যতম স্তম্ভ। এতে হাত দেওয়ার ক্ষমতা বিচার বিভাগের নেই।...সামনে তিনটি পথ খোলা আছে। প্রথমত, আপিল করা; দ্বিতীয়ত, রিভিউ দাবি করা; তৃতীয়ত, সংসদে আলোচনা করা।’প্রসঙ্গত, গত ১৮ জুন স্পিকার এক বিচারপতি সম্পর্কে সংসদে রুলিং দেন। রুলিংয়ে তিনি ওই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রত্যাহারের জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান। রুলিংয়ে বলা হয়, একজন বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। আদালতের এ ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন, তাতে আমাদের সমর্থন থাকবে।রুলিংয়ের এই অংশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন হাইকোর্টে রিট আবেদন করেন। এর শুনানি নিয়ে ২৪ জুলাই হাইকোর্ট অভিমতসহ আবেদনটি নিষ্পত্তি করেন। রায়ে বলা হয়, একজন বিচারক সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন বলে স্পিকার যে রুলিং দিয়েছেন, তার আইনগত ভিত্তি নেই।