সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায় স্থগিত করে ইতিপূর্বে আপিল বিভাগের দেওয়া আদেশও প্রত্যাহার করা হয়। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ এসব আদেশ দেন। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর আগামী ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম গতকাল সাংবাদিকদের বলেন, লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। হাইকোর্টের রায় স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে যে স্থানে সংশোধনী আনা হয়েছে, তা বাদ দিয়ে সংবিধান ছাপানো যেতে পারে। আদালতের আদেশ সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জানানো হবে। তবে খোন্দকার দেলোয়ার হোসেনের আইনজীবী টি এইচ খান বলেন, ‘লিভ টু আপিল বিচারাধীন রয়েছে। তাই এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলা যাবে না, হাইকোর্টের রায় বহাল রয়েছে। এ ছাড়া আমাদের লিভ টু আপিলে হাইকোর্টের রায় স্থগিতের বিষয়টি বলা হয়েছে।’ রিট আবেদনকারী পক্ষের আইনজীবী আজমালুল হোসেন কিউসি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায় স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে রিট আবেদনকারী মুন সিনেমা হলের জায়গা ফিরে পাবেন। সরকার ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আপিলকারী তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় কার্যকর হতে পারে না। কারণ আমাদের লিভ টু আপিলগুলো বিচারাধীন রয়েছে। এর ওপর ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। পঞ্চম সংশোধনী-সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকার বিষয়ে এগুলোর নিষ্পত্তি শেষে বলা যাবে।’ স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে মুন সিনেমা হলের জায়গা রিটকারী পক্ষ পাবেন বলে মনে করেন তিনি। গত ২৭ ডিসেম্বর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খোন্দকার দেলোয়ার ও তিন আইনজীবীর লিভ টু আপিলের ওপর ৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছিলেন। একই দিন সরকার ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের লিভ টু আপিল প্রত্যাহার এবং হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের দেওয়া আদেশ খারিজ চেয়ে রিটকারী পক্ষের আবেদনের ওপরও শুনানির দিনও ধার্য ছিল। গতকালের শুনানি: দুপুর সোয়া ১২টায় শুনানিতে অংশ নিয়ে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী আজমালুল হোসেন কিউসি হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের দেওয়া আদেশ খারিজের আবেদন জানান। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের আবেদন প্রত্যাহারের জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, আবেদনটি প্রত্যাহার করে নিলে রাষ্ট্রের কোনো কিছুই পরিবর্তন হবে না। এ সময় আদালত বলেন, সরকার লিভ টু আপিল আবেদন প্রত্যাহার করলেও বিষয়টি বিচারাধীন থাকবে। লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হলো। হাইকোর্টের রায় স্থগিতের আদেশও প্রত্যাহার করা হলো। এ সময় টি এইচ খান বলেন, ‘ইতিপূর্বে আপিল শুনানির সাতজনের বেঞ্চ হয়েছে। কিন্তু এখন পাঁচজন বিচারপতি দেখছি।’ প্রত্যুত্তরে আদালত বলেন, দুজন বিচারপতি চিকিত্সার জন্য ছুটিতে যাওয়ার কথা রয়েছে। টি এইচ খান আরও বলেন, এই বেঞ্চে দুজন বিচারপতি নতুন। এর আগে গত মে মাসে শুনানির সময় প্রধান বিচারপতিসহ তিনজন ছিলেন। এই মামলার গুরুত্ব বিবেচনা করে ওই সময় আদালত আপিল প্রত্যাহারের আবেদনে কোনো আদেশ দেননি। শুনানির শেষ পর্যায়ে টি এইচ খান ছয় সপ্তাহ শুনানি মুলতবির আবেদন জানান। তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ আট সপ্তাহ সময় চান। আদালত শুনানি মুলতবি করে ১৮ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন।পঞ্চম সংশোধনী মামলা: ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের করা রিট আবেদেনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। অবশ্য ওই সময়ের সরকারের জনস্বার্থে করা বেশ কিছু আইনি কাজকে মওকুফ করে দেওয়া হয়। চারদলীয় জোট সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার দিন রাতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই রায় স্থগিত করেন। পরে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। গত বছরের জানুয়ারিতে বিষয়টি কার্যতালিকায় আসে। ৩ মে সরকার লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করে। ৪ মার্চ খোন্দকার দেলোয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মুন্সী আহসান কবিরসহ তিন আইনজীবী ব্যাখ্যাদানকারী হিসেবে পক্ষভুক্ত হওয়ার আবেদন জানান। ৪ মে সদ্যবিদায়ী প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ খোন্দকার দেলোয়ার হোসেন এবং ওই তিন আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে লিভ টু আপিল করার নির্দেশ দেন। ২৫ মে তাঁরা লিভ টু আপিল করেন। ৪ জুন স্থগিতাদেশ খারিজের আবেদন করেন রিট আবেদনকারীপক্ষ।