ঢাকা সেনানিবাসের বাড়ি-সংক্রান্ত রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করা হয়। পরে বিষয়টি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের আদালতে উপস্থাপন করা হয়। দুপুর দেড়টার দিকে চেম্বার বিচারপতির আদালতে যান খালেদা জিয়ার আইনজীবীরা। বিষয়টি আদালতকে জানিয়ে আইনজীবী টি এইচ খান বলেন, বিষয়টি জরুরি। তাই বিষয়টির শুনানি প্রয়োজন। আদালত বিষয়টি কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহ্বুব হোসেন, আমিনুল হক, মাহবুবউদ্দিন প্রমুখ এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।পরে মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে নিয়মিত লিভ টু আপিল করা হয়েছে। এটি চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হলে আদালত আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।সেনানিবাসের ৬ শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়ার জন্য দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে বাড়ি খালি করতে তাঁকে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এই হিসাবে ৩০ দিন শেষ হচ্ছে ১২ নভেম্বর।লিভ টু আপিল: লিভ টু আপিল সম্পর্কে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, রিট শুনানির সময় হাইকোর্ট ওই বাড়ির নথি তলব করেন। ওই নথি অনুসারে বাড়িটি সেনানিবাসের খ-৪ তালিকার সম্পত্তি। এটা ইজারা দেওয়া যায়। বাড়িটি ক-১ তালিকার সম্পত্তি হিসেবে চিহ্নিত করে দেওয়া রায় আইনসম্মত হয়নি। এ ছাড়া ৬০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে বাড়ি ছাড়তে ৩০ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছে। এতে আবেদনকারীর (খালেদা জিয়ার) সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।হাইকোর্টের রায়: হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রধানের আদেশে ও রাষ্ট্রপতির অনুমোদনে আবেদনকারীকে (খালেদা জিয়া) সেনানিবাসের বাড়ি ইজারা দেওয়া বেআইনি ও জনস্বার্থের পরিপন্থী। কারণ, কোনো সরকারি সম্পত্তি বরাদ্দ দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর প্রধানের নেই। আর রাষ্ট্রীয় সম্পত্তি যাকে খুশি, যেকোনো মূল্যে ও যেকোনো প্রক্রিয়ায় দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা রাষ্ট্রপতিরও নেই। বাড়িটি ইজারা (হস্তান্তর) দেওয়ার ক্ষেত্রে কোনো সরকারি সিদ্ধান্ত ছিল না। এই জমিটি ক-১ শ্রেণীর হওয়ায় সেনানিবাস ভূমি প্রশাসন বিধিমালা-১৯৩৭ অনুযায়ী হস্তান্তরযোগ্য নয়।উল্লেখ্য, ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ জুন খালেদা জিয়াকে ১৬৫ কাঠার ওই বাড়িটি দেওয়া হয়। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে ওই বাড়িতেই ছিলেন। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূসম্পত্তি প্রশাসকের কার্যালয় গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে ওই বাড়ি ছেড়ে দিতে নোটিশ দেয়। একই বছরের ৭ ও ২৪ মে আবার নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া রিট করেন।