হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ বহাল রয়েছে। আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন। একই সঙ্গে চেম্বার বিচারপতির স্থগিতাদেশও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।২০১০ সালে ১৩ এপ্রিল হাইকোর্ট পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। রাষ্ট্রের একক চরিত্র ধ্বংস করা ও সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী আঞ্চলিক পরিষদ কোনো স্থানীয় সরকারব্যবস্থা নয় এবং এ আইনে পরিষদকে প্রশাসনিক বিভাগ হিসেবে সংজ্ঞায়িত না করা—এ দুটি যুক্তি তুলে ধরে আদালত আইনটি বাতিল ঘোষণা করেন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। ফলে এর অধীনে গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদের কার্যকারিতাও বাতিল হয়ে যায়। রায়ে সংশোধিত খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইনের উপজাতীয় হেডম্যান (পাড়াপ্রধান) থেকে অউপজাতীয় কি না—এর সনদ নেওয়া, পার্বত্য অঞ্চলে জমি না থাকলে ভোটার হওয়া যাবে না এবং জেলা পরিষদে চাকরির ক্ষেত্রে উপজাতীয়দের অগ্রাধিকার—এ-সংক্রান্ত চারটি ধারা অসাংবিধানিক বলে বাতিল ঘোষণা করা হয়।পরে হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৫ এপ্রিল চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন।