হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগ আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন।সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিট আবেদনকারীর পক্ষে আবদুর রাজ্জাক মামলা পরিচালনা করেন।পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, প্রকাশনা বাতিলসংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এই চার সপ্তাহের মধ্যে পত্রিকাটি প্রকাশনার কোনো সুযোগ নেই।১০ জুন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন। পাশাপাশি পত্রিকাটির প্রকাশনা বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। সরকারপক্ষ ওই দিন বিকেলেই হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে।১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশ-এর প্রকাশনা বাতিল করা হয়। এরপর ২ জুন ভোরে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আর প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আমার দেশ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর নবী ৭ জুন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের ওপর ৮ ও ৯ জুন শুনানি শেষে ১০ জুন আদালত আদেশ দেন।