ঝালকাঠির কলেজ-ছাত্র লিমন হোসেনের ওপর র্যাবের নির্মম নির্যাতনের ঘটনায় হাইকোর্ট গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফরিদ আহাম্মদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুলটি জারি করেন। জাতীয় মানবাধিকার কমিশনও র্যাবের নিষ্ঠুরতার ঘটনা দ্রুত তদন্তের অনুরোধ জানিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। কমিশনের সচিব সামছুজ্জামান ভূঁইয়া চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘লিমনের ঘটনায় প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হবে। তবে র্যাবের নিজস্ব বিভাগীয় তদন্ত দল আছে, তারাও তদন্ত করতে পারে।’ এদিকে লিমনের মা হেনোয়ারা অভিযোগ করেন, র্যাবের নিষ্ঠুরতার ঘটনায় যাঁরা তাঁর ছেলের পক্ষে কথা বলেছেন, র্যাব সদস্যরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। এ নিয়ে এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। লিমনের ওপর নির্যাতনের প্রতিবাদ করে গতকালও বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন বিবৃতি দিয়েছে।রুল জারি: লিমনের ওপর র্যাবের নির্যাতনের বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাদা আল-আমিন। এর পরিপ্রেক্ষিতে বিকেলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফরিদ আহাম্মদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। আইনজীবী শাহজাদা আল-আমিন প্রথম আলোকে বলেন, ‘লিমনকে নিয়ে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে এনেছি। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। আদেশের কপি পেলে জানা যাবে রুলে কী জানতে চাওয়া হয়েছে।’ মানবাধিকার কমিশনের তদন্ত দাবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো কমিশনের চিঠিতে বলা হয়, ‘এই ঘটনা গুরুতর ও মানবাধিকারের চরম লঙ্ঘন’ বিবেচনা করে কমিশনের চেয়ারম্যান তাৎক্ষণিক লিমনকে দেখতে যান। তিনি তার কথা শোনেন। কমিশনের চিঠিতে প্রথম আলোয় প্রকাশিত খবরের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মানবাধিকার কমিশন এ ব্যাপারে তদন্ত করে আগামী ১৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। চিঠিতে লিমনের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়। গত বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান লিমনকে দেখতে পঙ্গু হাসপাতালে যান। কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, র্যাবের অনেক কর্মকাণ্ডে সাধারণ জনগণ অনেক সময় খুশি হয়। এর সুযোগ নিয়ে অনেক সময় র্যাব নিরীহ লোকদের ধরে তাদের সন্ত্রাসী বলে দাবি করে। এ প্রবণতা খুবই খারাপ। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী ধরতে গেলে গুলিবিনিময় হবে আর সেই গুলি যার-তার গায়ে লাগবে, কিন্তু তার দায় কেউ নেবে না, এটা হতে পারে না। তিনি লিমনের ঘটনা উল্লেখ করে বলেন, অন্যায়ভাবে অস্ত্র প্রয়োগের ব্যাপারে শক্ত ব্যবস্থা নিলে এভাবে অস্ত্রের অপব্যবহারের প্রবণতা কমে যাবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, র্যাবের উচিত এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কয়েকজন খারাপ লোকের দায়ভার পুরো বাহিনীর ওপর চাপানো বা বাহিনী তাঁদের দায়িত্ব নেওয়া ঠিক হবে না। র্যাবের তদন্ত-প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, র্যাবের ম্যাজিস্ট্রেট র্যাবের অপরাধ কী করে তদন্ত করবে? এ জন্য দেশের বিচারকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চেয়ারম্যান বলেন, এ ঘটনা তদন্তে কমিশনের পর্যাপ্ত লোকবল নেই। এ কারণে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ও একটি বেসরকারি মানবাধিকার সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।ঝালকাঠির দিনমজুর মোফাজ্জল হোসেনের ছেলে লিমন হোসেন কাঁঠালিয়া পিজিএস কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গত ২৩ মার্চ বিকেলে লিমন মাঠ থেকে গরু আনতে বাড়ির বাইরে যায়। পথে স্থানীয় শহীদ জমাদ্দারের বাড়ির সামনে র্যাব-৮-এর একটি দল তাকে সামনে পেয়ে শার্টের কলার ধরে নাম জিজ্ঞেস করে। লিমন নিজেকে ছাত্র বলে পরিচয় দেয়। কিন্তু র্যাবের এক সদস্য কথাবার্তা ছাড়াই তার বাঁ-পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে দেন। পঙ্গু হাসপাতালে আনলে চিকিৎসকেরা তার পা কেটে ফেলেন। পুলিশ পাহারায় তার চিকিৎসা হচ্ছে। সহমর্মিতা: আগের দিনের মতো গতকাল সকাল থেকেই অনেকেই হাসপাতালে লিমনকে দেখতে আসেন। পঙ্গু হাসপাতালে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকেরা আর্থিক সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। তাঁরা লিমনকে লেখাপড়ায় সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। লিমনের মা জানান, এলাকার লোকজন ঘরে ঘরে চাল তুলে তা বিক্রি করে লিমনের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা জোগাড় করে ঢাকায় পাঠিয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদে মিলাদ পড়ানো হয়েছে। তিনি বলেন, ‘লেখাপড়ার প্রতি লিমনের আগ্রহ খুবই বেশি। টাকার অভাবে পড়ার টেবিল কিনতে পারেনি। ঘরে যে টেবিলটি ছিল তার পায়াও ভাঙা। ওই টেবিলটি ঘরের খুঁটির সঙ্গে বেঁধে কোনোমতো দাঁড় করিয়ে লেখাপড়া চালিয়ে গিয়েছে।’হাসপাতালে লিমন সাংবাদিকদের বলে, ‘ভেবেছিলাম, আমি সম্পূর্ণ একা। পঙ্গু হয়ে গেছি। ভিক্ষা করে চলতে হবে। এখন দেখি, আমি একা না। আমার পাশে দেশ আছে, জাতি আছে। আমি আবার সুন্দর করে বাঁচার চেষ্টা করব।’ গতকালও হাসপাতালে সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দিয়েছে কর্তব্যরত পুলিশ। তারা দাবি করেছে, ওপরের নির্দেশ আছে কথা বলা যাবে না, ছবি তোলা যাবে না। তারা সাংবাদিকদের জোর করে বের করে ওয়ার্ডের দরজা বন্ধ করে দেয়।আসক ও গণতান্ত্রিক বাম মোর্চার প্রতিবাদ: র্যাবের গুলিতে কলেজছাত্র লিমন হোসেনের পা হারানোর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল আসকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সন্তোষজনক পদক্ষেপ নেয়নি। ফলে র্যাবের আইনবহির্ভূত কর্মকাণ্ড ক্রমান্বয়ে বাড়ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি বড় বাধা। আসক অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী র্যাব সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ও আহত লিমনের উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ পুনর্বাসনের দাবি জানিয়েছে।