রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে পাশে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রুলে অবহেলার কারণে ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি), শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাগুফতা গ্রুপের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনার ব্যাখ্যা জানাতে সাগুফতা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ২৬ জুলাই সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, হাবিবুর রহমান ওরফে মুন্না (২১) ১৬ জুলাই তাঁর অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। মাকে দেখে হেঁটে আবার বাসায় ফিরছিলেন তিনি। এ সময় নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মাথায় পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তেজগাঁও কলেজ থেকে এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।এ বিষয়টি আদালতের নজরে এলে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বিষয়টি উপস্থাপন করেন। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন ওই ভবনের কার্যক্রম বন্ধ রাখা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।