হাইতিতে আবার ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ধ্বংসযজ্ঞের আট দিনের মাথায় আজ বুধবার আবার ভূমিকম্প হয়েছে। আজকের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এতে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। এদিকে দেশটির প্রেসিডেন্ট রেনি প্রিভাল জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অনেক ত্রাণ এলেও বিতরণে সমন্বয়হীনতাই এখন প্রধান সমস্যা। এদিকে পোর্ট অব প্রিন্সে এখনো লুটপাট হচ্ছে। লুটপাটকারীদের উদ্দেশে পুলিশের ছোড়া গুলিতে গতকাল এক কিশোরী নিহত হয়েছে। ভূমিকম্পে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে জাতিসংঘ।আজ স্থানীয় সময় সকাল ছয়টা তিন মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে পোর্ট অব প্রিন্স। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে ৫৯ কিলোমিটার পশ্চিমে।রাজধানীবাসী জানিয়েছে, সামান্য কম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যায়নি। তবে তিনি ভবন ভেঙেচুরে পড়ার শব্দ পেয়েছেন।রাজধানী ও দেশের অন্যান্য অংশেও ত্রাণতত্পরতা জোরদার করেছে মার্কিন বাহিনী। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে অনেক ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওই সব কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।ভূমিকম্পে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। গতকাল তাঁদের অনেকের পরিচয় জানানো হয়েছে। মারা যাওয়া ৪৭ জনের মধ্যে শুধু ব্রাজিলেরই ১৯ জন নাগরিক বলে জানানো হয়েছে। এ ছাড়া এখনো জাতিসংঘের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিখোঁজ।সরকারিভাবে এ পর্যন্ত ৭৫ হাজার মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা দুই লাখের বেশি হতে পারে।এদিকে জাতিসংঘ গতকাল জানিয়েছে, ১২ জানুয়ারির ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ১২১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। এর আগে গত মঙ্গলবার জানিয়েছিল, এই সংখ্যা ৯০ এবং এর আগের দিন ছিল ৭০। এএফপি, বিবিসি অনলাইন।