হাইতিতে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীরা সুস্থ ও নিরাপদে আছেন
হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশ বাহিনীর ছয় সদস্য সুস্থ ও অক্ষত আছেন। তাঁরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। গতকাল রাতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ই-মেইল করে তাঁরা নিরাপদে থাকার সংবাদ জানান। ই-মেইলে তাঁরা আরও জানান, হাইতিতে ভূমিকম্পের কারণে টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশে যোগাযোগ করতে পারছেন না। ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে ই-মেইলই এ মুহূর্তে একমাত্র যোগাযোগব্যবস্থা বলেও তাঁরা জানান। পুলিশ সদর দপ্তর আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর কাছ থেকে ই-মেইল বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে। হাইতিতে বাংলাদেশ সময় গতকাল বুধবার ভোরে এক ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এতে দেশটির প্রেসিডেন্ট ভবন, পার্লামেন্ট ভবনসহ সেখানে অবস্থিত জাতিসংঘ মিশনের প্রধান কার্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।