হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা প্রায় ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির মধ্যাঞ্চলে মহামারি আকারে দেখা দেওয়া রোগটি কলেরা বলেই নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট রেনে প্রিভাল। এ পর্যন্ত কলেরায় দেশটিতে কমপক্ষে ১৯৬ জন মারা গেছেন। তা ছাড়া এ রোগে আক্রান্ত হয়ে আড়াই হাজারেরও অধিক লোক হাসপাতালে ভর্তি হয়েছে। হাইতির প্রেসিডেন্ট রেনে প্রিভেল রয়টার্সকে বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, এটা কলেরা।’এদিকে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কলেরা যাতে আর্টিবোনিট ও মধ্য প্লেতিউ থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন।কর্মকর্তারা আশঙ্কা করছেন, কলেরা যদি মধ্যাঞ্চল থেকে হাইতির ভূমিকম্প-দুর্গত শরণার্থী শিবিরগুলোতে ছড়িয়ে পড়ে, তবে মৃতের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। গত জানুয়ারি মাসে হাইতিতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়। এ ভূমিকম্পে শুধু রাজধানী পোর্ট অ প্রিন্সেই ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। হাইতির স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, আর্টিবোনেট নদীর দূষিত পানি পান করেই এ অঞ্চলে কলেরার প্রাদুর্ভাব মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। হাইতির কলেরা আক্রান্ত অঞ্চলের হাসপাতালগুলোতে এখন তিল ধারণেরও জায়গা নেই। হাসপাতালগুলোয় কলেরা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় অনেকেই শহরের বিভিন্ন ক্লিনিকে ছুটছে।স্থানীয় চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁরা সাধ্যমতো রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু চাহিদার তুলনায় ওষুধ ও অন্যান্য উপকরণ কম হওয়ায় তাঁরা সব রোগীকে প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারছেন না। এ ছাড়া রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ায় সবাইকে হাসপাতালে জায়গাও দেওয়া যাচ্ছে না।—বিবিসি, রয়টার্স