হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় মৃতের সংখ্যা বেড়ে ২৫০ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এ রোগে দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজারে দাঁড়িয়েছে। হাইতির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক গ্যাব্রিয়েল টিমোতে আজ সোমবার এ তথ্য জানান।জাতিসংঘের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এ পর্যন্ত পাঁচজন কলেরা রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে তাদের খুব দ্রুতই আলাদা করে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে।হাইতির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত জানুয়ারি মাসে ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া প্রায় ১৩ লাখ মানুষ রাজধানীর আশপাশে বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বাস করছে। এসব উদ্বাস্তু শিবিরেই মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।এদিকে কলেরা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোয় জায়গা সংকুলানের সমস্যা দেখা দিয়েছে। তা ছাড়া রোগীর তুলনায় স্বাস্থ্যকর্মী ও ওষুধের অভাবে চিকিৎসায় ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে সাহায্য সংস্থাগুলো নিত্যপ্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যকর্মী সরবরাহ করছে বলে জানা গেছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর কলেরার মহামারি দীর্ঘস্থায়ী হওয়ার আভাস দিয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতের ফলে আর্টিবনিট এলাকায় বন্যার সৃষ্টি হয়। দূষিত পানি পান করায় এ রোগ দেখা দিয়েছে।