হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ রোববার এ তথ্য জানিয়েছে।হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে প্রায় সাত হাজার লোক কলেরায় আক্রান্ত হয়েছে। প্রতিদিনই নতুন করে কলেরায় আক্রান্ত রোগী হাসপাতালে ভিড় করছে বলে জানা গেছে।এদিকে বিপুলসংখ্যক রোগীকে সুচিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তার ওপর পর্যাপ্ত ওষুধ ও অন্যান্য চিকিৎসা উপকরণের অভাব তো রয়েছেই। কলেরার প্রাদুর্ভাবের সঙ্গে নতুন বিড়ম্বনা হিসেবে ইতিমধ্যে দেশটিতে দেখা দিয়েছে বন্যা। এর ফলে হাইতির কলেরা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সাহায্য সংস্থাগুলো।এ পরিস্থিতিতে হাইতি সরকার ও জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে প্রায় এক কোটি ৯০ লাখ ডলারের মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে।—বিবিসি