হাইতিতে কলেরায় সাড়ে ৬ লাখ লোক আক্রান্ত হতে পারে: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে মহামারি আকারে দেখা দেওয়া কলেরায় আগামী ছয় মাসে প্রায় সাড়ে ছয় লাখ লোক আক্রান্ত হতে পারে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সংস্থাটির মহাসচিব বান কি মুন এ সতর্কতা উচ্চারণ করেন।বান কি মুন বলেন, ‘প্রতিবেদন প্রদান-সংক্রান্ত জটিলতায় গ্রামীণ এলাকায় নতুন করে আক্রান্তের সংখ্যা এবং মৃতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে দ্বিগুণ হতে পারে।’ সরকারি হিসাবে, কলেরায় আক্রান্ত হয়ে হাইতিতে এ পর্যন্ত এক হাজার ৮০০ জন প্রাণ হারিয়েছে।জাতিসংঘ মহাসচিব হাইতিতে জরুরি ভিত্তিতে অধিকসংখ্যক স্বাস্থ্যকর্মীর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্যান আমেরিকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা হিসাব করে দেখেছেন, এ মুহূর্তে দেশটিতে অতিরিক্ত ৩৫০ জন চিকিত্সক দরকার। তবে কিউবা ইতিমধ্যে ৩০০ চিকিত্সক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে হাইতিতে দুই হাজারেরও অধিক স্বাস্থ্য সেবিকার প্রয়োজন বলে জাতিসংঘ জানিয়েছে। বান কি মুন আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছে হাইতির চাহিদা অনুযায়ী সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। বিবিসি।