হাইতিতে জরুরি ভিত্তিতে শান্তিরক্ষী পাঠাচ্ছে পুলিশ
ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির জন্য জরুরি ভিত্তিতে বাংলাদেশ পুলিশকে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সদর দপ্তরে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে স্বল্প সময়ে সেখানে দুটি সুসজ্জিত বাহিনী পাঠানোর ব্যাপারে সম্মতির কথা গতকালই জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।পুলিশের সদর দপ্তর সূত্র জানায়, হাইতির জন্য জরুরি ভিত্তিতে পৃথিবীর ১১টি দেশ থেকে তিন হাজার শান্তিরক্ষী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। এর মধ্যে বাংলাদেশ থেকেও শান্তিরক্ষী চাওয়া হয়। গতকাল জাতিসংঘের চিঠি পাওয়ার পর পুলিশ কর্মকর্তারা জরুরি বৈঠক করে দুটি সুসজ্জিত দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন। সুসজ্জিত দলে পুলিশ সদস্যের পাশাপাশি সব ধরনের যানবাহন, সাঁজোয়া যান, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। মিশনে ব্যবহূত সরঞ্জাম ও যানবাহনের ভাড়া পরিশোধ করে জাতিসংঘ।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে ছয় সদস্যের একটি বাংলাদেশি পুলিশ দল হাইতিতে অবস্থান করছে। এখন আরও দুটি নতুন দল সেখানে মোতায়েন করা হচ্ছে। শান্তিরক্ষী বাছাই পরীক্ষার জন্য আগামী সোমবার জাতিসংঘের একটি দল ঢাকায় আসছে বলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।সূত্র জানায়, শান্তি রক্ষা মিশনের সদস্য হিসেবে বাংলাদেশ পুলিশ সাতটি দেশে তত্পর আছে। এগুলো হলো পূর্ব তিমুর, কঙ্গো, আইভরি কোস্ট, সুদান (দুটি মিশন), লাইবেরিয়া ও আফগানিস্তান। এসব দেশে এক হাজার ৬৩৫ জন পুলিশসদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সুসজ্জিত দলে কাজ করছেন এক হাজার ৩৩৫ জন।