হাইতিতে ত্রাণের জন্য হাহাকার, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণবাহী বিমান ও হেলিকপ্টারে ভরে গেছে হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের বিমানবন্দর। ত্রাণসামগ্রী নিয়ে নতুন কোনো বিমান আর নামতে পারছে না। তার পরও সাহায্য পাচ্ছে না ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ। বাড়িঘর ধসে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিমানবন্দর থেকে ত্রাণ পৌঁছাচ্ছে না শহরের অন্য এলাকায়। ত্রাণের জন্য হাহাকার পড়ে গেছে সহায়-সম্বল হারিয়ে রাস্তায় আশ্রয় নেওয়া মানুষের মধ্যে। পোর্ট অ প্রিন্সে শুরু হয়ে গেছে লুটপাট। জনতা গতকাল শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গুদাম লুট করেছে। খবর এপি, এএফপি ও বিবিসির।হাইতির ভূমিকম্প-দুর্গতদের সাহায্যার্থে ৫৬ কোটি ডলারের তহবিল গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। উদ্ধারকাজে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র আগামী সোমবারের মধ্যে সেখানে ১০ হাজার সেনা পাঠাবে। যুক্তরাষ্ট্রে রেডক্রস কর্তৃপক্ষ হাইতির মানুষের জন্য মোবাইল ফোনের মাধ্যমে অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। পোর্ট অ প্রিন্সের বাসিন্দা সিলভেইন অ্যাঙ্গারলোতি বলেন, ‘আমাদের দরকার খাবার ও বিশুদ্ধ পানি। খাদ্য-পানীয়র অভাবে আমরা কষ্টে আছি।’ শহরের আরেক বাসিন্দা জ্যঁ-ব্যাপটিস্ত ল্যাফোনটি উইলফ্রাইড বলেন, ‘আমরা রেডিওতে শুনেছি, উদ্ধারকারী দল এবং সাহায্য আসছে; কিন্তু কই, কিছুই তো দেখছি না।’হাইতিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র ডেভিড উইমহার্স্ট বলেন, ‘ত্রাণের জন্য অপেক্ষায় থাকা দুর্গত লোকজন ধীরে ধীরে অধৈর্য ও ক্ষুব্ধ হয়ে উঠছে।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি, তারা চাইছে সাহায্য নিয়ে আমরা তাদের কাছে এগিয়ে যাই। আমরাও সেটাই করার চেষ্টা করছি।’পার্শ্ববর্তী দেশ ডোমিনিকান রিপাবলিক থেকে পাঠানো উদ্ধারকারী দলের প্রধান ডেলফিন আন্তেনিও রডরিগেজ বলেন, ‘এখন প্রধান সমস্যা নিরাপত্তাহীনতা। ক্ষুব্ধ মানুষ আগের দিন আমাদের কয়েকটি ট্রাক ছিনতাই করার চেষ্টা করেছিল। এ জন্য আমরা অনেক এলাকায় নতুন করে কাজই করতে পারছি না।’ তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় মানুষ আগ্নেয়াস্ত্র নিয়ে লুটপাট করছে। কারণ, এ দেশের মানুষ অনেক গরিব আর এখন সবার অবস্থা চরম শোচনীয়।বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মকর্তারা জানান, পোর্ট অ প্রিন্সে তাঁদের গুদাম লুট হয়েছে। জেনেভায় ডব্লিউএফপির মুখপাত্র এমিলিয়া ক্যাসেলা বলেন, ‘আমাদের গুদাম লুট হয়েছে। আমরা নতুন করে খাদ্য মজুদের চেষ্টা করছি।’ তিনি বলেন, ২০ লাখ মানুষের এক মাসের খাবার পাঠানোর জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। ত্রাণ পাঠাতে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ভূমিকম্পে হাইতির অবকাঠামো বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় হাজার হাজার টন খাবার পাঠানো একটি চ্যালেঞ্জ।’হাইতিতে পুলিশ সদস্যদের বেশির ভাগই নিজেদের আত্মীয়স্বজনের খোঁজে বা উদ্ধারে ব্যস্ত। মন্ত্রী বা শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনেকে মারা গেছেন। এ অবস্থায় সেখানে প্রশাসন বলতে কিছুই নেই। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। জাতিসংঘ শান্তিরক্ষীরাই নিরাপত্তার বিষয়টি তদারকের চেষ্টা করছেন।টাইম ম্যাগাজিন-এর এক আলোকচিত্রী বলেন, ‘আমি দেখেছি, মরদেহ স্তূপ করে রেখে রাজধানীর দক্ষিণাংশের একটি প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।’ সাহায্য না পাওয়া ক্ষুব্ধ মানুষ এ কাজ করতে পারে বলে তিনি জানান।ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যাপক ত্রাণসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি এও জানিয়েছেন, দুর্গত মানুষের হাতে ত্রাণ পৌঁছাতে সময় লেগে যেতে পারে।জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টার থেকে দেখা গেছে, মঙ্গলবারের ৭ তীব্রতার ওই ভূমিকম্পে পোর্ট অ প্রিন্সের প্রায় অর্ধেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। হাইতি সরকারের বরাত দিয়ে রেডক্রস গত বৃহস্পতিবার জানিয়েছে, মৃতের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার হতে পারে। এ ছাড়া আশ্রয়হীন হয়েছে প্রায় তিন লাখ মানুষ।ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অসংখ্য মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন বিভিন্ন দেশ থেকে পাঠানো উদ্ধারকর্মীরা। তবে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ বলতে গেলে পরিকল্পিতভাবে শুরুই হয়নি। দু-চারজনকে উদ্ধার করা গেলেও প্রয়োজনীয় চিকিত্সার অভাবে তাদের বাঁচিয়ে রাখাও কঠিন হচ্ছে। কেননা, বেশির ভাগ হাসপাতালই বিধ্বস্ত হয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৩০টি দেশ বিভিন্ন ধরনের সাহায্য পাঠিয়েছে। কাজ করছে ১৮টি উদ্ধারকারী দল।জাতিসংঘ গতকাল জানিয়েছে, হাইতির জন্য এ পর্যন্ত প্রায় ২০টি দেশ, সংস্থা ও কোম্পানির কাছ থেকে প্রায় ২০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া গেছে।এদিকে গতকাল বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, হাইতিতে কর্মরত তাদের দেশের অনেক নাগরিক নিখোঁজ রয়েছে। এই দেশগুলোর মধ্যে আছে—অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, ব্রিটেন, কানাডা, চীন, ফ্রান্স, মৌরিতানিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, সেনেগাল, স্পেন, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের ১৯০ জন কর্মকর্তা-কর্মচারী এখনো নিখোঁজ রয়েছেন।