হাইতিতে দুর্গতদের সামলাতে হিমশিম খাচ্ছেন ত্রাণকর্মীরা
হাইতির ভূমিকম্পে বিধ্বস্ত রাজধানী পোর্ট অ প্রিন্সে ত্রাণের জন্য ব্যাকুল হয়ে উঠেছে দুর্গতরা। রাজধানীর লণ্ডভণ্ড সমুদ্রবন্দরে ত্রাণবাহী প্রথম জাহাজটি ভিড়েছে। কলা ও কয়লা আছে এতে। বন্দরের প্রবেশমুখে পৌঁছার পরপর ছোট ছোট নৌকা নিয়ে দুর্গতরা জাহাজটি ঘিরে ধরে। দুর্গত মানুষকে সামলাতে হিমশিম খেতে দেখা যায় ত্রাণকর্মীদের।এমন পরিস্থিতি গোটা রাজধানীতে। ভূমিকম্পের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে হাইতিবাসীকে। তারা অনেকেই এখন দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে চায়। রাজধানীর বিমানবন্দরে দলে দলে ভিড় করছে তারা। হাইতির ফার্স্ট লেডি এলিজাবেথ প্রিভাল এই দুর্যোগে মনোবল সঞ্চয় করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শনিবার বলেছেন, হাইতিবাসী এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি আশা করেন।আন্তর্জাতিক রেডক্রস ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ১০ কোটি ৩০ লাখ ডলারের তহবিল জোগাড় করেছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেভাবে একের পর এক ত্রাণ আসছে, তা বিতরণে সমন্বয় করা অত্যন্ত কঠিন কাজ বলে উল্লেখ করেছেন মার্কিন কর্মকর্তারা। ত্রাণ তত্পরতা সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের হাইতিতে যাওয়ার কথা। খবর বিবিসি, এপি ও এএফপির।ত্রাণবাহী জাহাজ শুক্রবার সন্ধ্যায় পোর্ট অ প্রিন্সের বন্দরে পৌঁছার পর তা বেশ আলোড়ন সৃষ্টি করে। ত্রাণের অপেক্ষায় উদগ্রীব দুর্গত মানুষ কলা ও কয়লা পাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে। মেরি হোসে কার্নেল নামের একজন সেবিকার ছেলে ব্রায়ান মাইকেল আটকা পড়েছেন বাড়ির ধসে পড়া ভবনের নিচে। ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি পানির জন্য কাতরাচ্ছিলেন; কিন্তু তাঁকে দেওয়ার মতো বিশুদ্ধ পানি ছিল না মেরির কাছে। তিনি বলেন, ‘ভূমিকম্পের আগে আমাদের কাছে বোতলজাত পানি ছিল। এ ছাড়া ফুটিয়েও পানি পান করতাম। কিন্তু এখন গ্যাস বা কয়লা না থাকায় পানি ফোটানোর ব্যবস্থা নেই।’পোর্ট অ প্রিন্সের বিমানবন্দরে একে একে ত্রাণবাহী বিমানগুলো পৌঁছাতে শুরু করলে সেখানেও ক্ষুধার্ত মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তাদের সামলানো বিরাট এক ঝক্কি হয়ে দাঁড়ায় সেনাসদস্য ও ত্রাণকর্মীদের জন্য। বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনাসদস্যরা যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের আলাদা করছিলেন দেশে ফিরিয়ে নিতে। এ সময় শত শত দুর্গত মানুষ শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে সেখানে ধরনা দেয়। তাদের সামলাতে বেশ বেগ পেতে হয় মার্কিন সেনাদের।রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এভেলিন বুইনো নামের একজন জানান, রাজধানীতে অরাজকতা শুরু হয়েছে। পুলিশের মহাপরিদর্শক জাঁ-ইয়োনেল ট্রেসাইল বলেন, ‘অরাজকতা ঠেকাতে আমরা ধরপাকড় শুরু করেছি। এর মধ্যে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’সামনে আরও দুর্দিন, সহায়তার আশ্বাস: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে হাইতির সামনে আরও দুর্দিন পড়ে আছে। দেশটির বন্দর অচল, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত। এতে মালপত্র সরবরাহ করা দুরূহ। এর পরও সে দেশের মানুষকে নতুন করে মাথা তুলে দাঁড়াতে যুক্তরাষ্ট্র সর্বতোভাবে সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন। হাইতির সংকট সমাধানে গতকাল সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের সঙ্গে তিনি বৈঠক করেন।