হাইতিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, ১৮৮ জাতিসংঘ কর্মকর্তা নিখোঁজ
হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস এই তথ্য জানায়। ওই দেশে নিযুক্ত জাতিসংঘের মুখপাত্র ডেভিড উইমহার্স্ট বলেছেন, পোর্ট অব প্রিন্স বিধ্বস্ত হওয়ায় ১৮৮ জন জাতিসংঘ কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত জাতিসংঘের ৩৬ জন সেনা ও পুলিশ কর্মকর্তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এখন ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। অথচ লাশ দাফনের ব্যবস্থাও নেই। এদিকে ত্রাণ সংস্থাগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া লোক উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছে, দুর্গতদের জন্য আরও খাদ্য, পানি ও ওষুধ দরকার। জাতিসংঘের মহাসচিব বান কি মুন আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়বে। বিপর্যয় আরও বাড়বে বলেও আশঙ্কা করেছেন তিনি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় দুর্গতদের সাহায্যে এগিয়ে আসায় সন্তোষ প্রকাশ করেন জনাব মুন। জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী জন হোমস বলেন, তাঁরা দুর্গতদের কাছে যত দ্রুত সম্ভব ওষুধ সরবরাহের চেষ্টা করছেন। দুর্গত এলাকায় আরও চিকিত্সক ও অস্থায়ী হাসপাতাল দরকার। এরই মধ্যে ব্রিটিশ ত্রাণ দল হাইতিতে পৌঁছেছে। চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, রাশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলো হাইতিতে ত্রাণ পাঠিয়েছে। দুর্গতদের চিকিত্সা দিচ্ছেন কিউবার ৩০০ চিকিত্সক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এশিয়া সফর বাতিল করেছেন। হাইতির পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ব্রাজিল, কানাডা ও অন্যান্য দেশের সঙ্গে সম্মেলনের আয়োজন করছে। ওবামা হাইতিবাসীকে আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা সব সময় তাদের পাশে থাকব।’ বিবিসি।