হাইতির কথা যেন ভুলে না যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জানুয়ারি বিকেলে হাইতি স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পের শিকার হয়। সেই ঘটনার ১০ দিন পর ২২ জানুয়ারি অনুষ্ঠিত হলো এক অভূতপূর্ব সংহতি টেলিথন। হলিউডের ও পপসংগীত জগতের সেরা প্রায় ১০০ অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পী দুই ঘণ্টা টেলিভিশনে সম্প্রচারিত এ অনুষ্ঠানে হাইতির জন্য অর্থ সংগ্রহ করেন। প্রধান উদ্যোক্তা অভিনেতা জর্জ ক্লুনি। আমেরিকার প্রতিটি টিভি নেটওয়ার্ক থেকে পুরো অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয়।প্রাকৃতিক দুর্যোগের পর সংহতি জানিয়ে অভিনেতা-শিল্পীরা যে এই প্রথম অর্থ সংগ্রহ করলেন তা নয়। আশির দশকে বব গেলডফের উদ্যোগে ইথিওপিয়ার দুর্ভিক্ষের জন্য বান্ড-এইডের কথা আমাদের এখনো মনে আছে। এরও আগে ১৯৭১-এ বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যে বাংলাদেশ কনসার্ট হয়, তাও মূলত শিল্পীদের নিজস্ব উদ্যোগে মানুষের সৃষ্ট এক গণহত্যার বিরুদ্ধে সংহতি। গতকালের টেলিথনটি অবশ্য এযাবত্কালের সব অনুষ্ঠানকেই ছাপিয়ে গেছে। বিশ্বে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রচারপ্রিয়, সবচেয়ে নষ্ট বলে পরিচিত তারকারা তাঁদের নিজেদের অহংকার ও ব্যক্তিগত ইমেজের তোয়াক্কা না করে এই রাতে টেলিফোন হাতে নিয়ে বসেছিলেন। বিশ্বের যেকোনো জায়গা থেকেই অনুষ্ঠানের শ্রোতা-দর্শক ফোনে তাঁদের সঙ্গে কথা বলতে পেরেছে। একদম সাধারণ পোশাকে, কেউ কেউ কোনো রকম সাজসজ্জা ছাড়াই গান করলেন, কেউ কেউ এক-দেড় মিনিটের বক্তব্য দিলেন। সবারই এক কথা, ‘হাইতির মানুষ ধুঁকে ধুঁকে মরছে। আমরা তাদের মরতে দিতে পারি না। আসুন, আমাদের সাধ্য অনুযায়ী এই দুর্যোগকবলিত দেশটিকে সাহায্য করি।’বলা হচ্ছে, সাম্প্রতিক সবচেয়ে বড় ভূমিকম্পের শিকার হয়েছে হাইতি। দেশটির রাজধানী এখন এক মৃত নগর। ঘর চাপা পড়ে মারা গেছে এমন মানুষের সংখ্যা সম্ভবত দুই লাখ ছাপিয়ে যাবে। যারা বেঁচে গেছে, তাদের অনেকেই গুরুতর আহত। দ্রুত চিকিত্সার ব্যবস্থা না করা গেলে আরও অসংখ্য মানুষের ভাগ্যেও অনিবার্য মৃত্যু অপেক্ষা করছে। রাষ্ট্রপতি ভবনসহ অধিকাংশ সরকারি ভবন ধসে পড়েছে। কার্যক্ষম এমন একটি হাসপাতালও রাজধানী শহরে অবশিষ্ট নেই।দেশটি এমনিতে গরিব, অধিকাংশ মানুষেরই সেখানে দারিদ্র্যসীমার নিচে বাস। প্রতিবছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। গত পাঁচ বছরে কম করে হলেও তিনটি বড় ধরনের ঘূর্ণিঝড় সে দেশের ওপর দিয়ে বয়ে গেছে। তার ওপর রয়েছে রাজনৈতিক বিশৃঙ্খলা। দীর্ঘদিন সামরিক ও আধা সামরিক দুঃশাসনে দেশটির দশা যেন হাঁটুভাঙা দ। ঈশ্বর-পরিত্যক্ত দেশ বলতে যা বোঝায়, তার নাম হাইতি।সেই হাইতির দুর্যোগে পৃথিবীর মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এ পর্যন্ত সাহায্যের আবেদনে যে সাড়া পাওয়া গেছে, তা এক কথায় অভূতপূর্ব। মার্কিন প্রেসিডেন্ট ওবামা ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিচ্ছেন এই আন্তর্জাতিক ত্রাণ তত্পরতায়। আমেরিকার দুই সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ বুশ তাঁদের রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করছেন। পৃথিবীর সব কোণ থেকে সাহায্য এসে পৌঁছাচ্ছে। প্রাথমিক বিশৃঙ্খলা কাটিয়ে অবশেষে সাহায্য বিতরণে গতিও এসেছে। দেশটি তার নিজের পায়ে ফের হয়তো উঠে দাঁড়াবে। কিন্তু সে চেষ্টা মাত্র শুরু হয়েছে। এই ধ্বংসস্তূপকে বসবাসযোগ্য করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ কাজে লেগে থাকতে হবে আগামী এক দশক বা তার চেয়েও বেশি সময়।হাইতির সঙ্গে বাংলাদেশের মিল লক্ষ না করে উপায় নেই। দুটি দেশই দরিদ্র, তারা উভয়েই ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের শিকার। বিশ শতকের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের ভাগীদার এই দুটি দেশ—১৯৭০ সালে বাংলাদেশের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহত হয়েছিল প্রায় পাঁচ লাখ মানুষ। তারপর দ্বিতীয় বৃহত্তম দুর্যোগ হাইতির এই ভূমিকম্প।এত মিল থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ কিন্তু হাইতির মানুষের পাশে এসে দাঁড়ায়নি। এখন পর্যন্ত নয়। সরকারি পর্যায়ে শোক ও সহানুভূতি প্রকাশ করা হয়েছে, ত্রাণের উদ্যোগে সমর্থনের কথাও বলা হয়েছে। কিন্তু নাগরিক পর্যায়ে সংহতি প্রকাশের কোনো লক্ষণীয় উদ্যোগ নেই। আমরা এই মুহূর্তে ক্রিকেট নিয়ে ব্যস্ত, হাইতির কথা ভাবার সময় আমাদের নেই।কিন্তু হাইতির কথা আমাদেরও ভাবা উচিত। বড় ধরনের সব প্রাকৃতিক দুর্যোগের পর বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক সমর্থন ও সংহতি পেয়েছে। সেই সাহায্যের জন্য কৃতজ্ঞতাস্বরূপ আমাদেরও উচিত হাইতির এই কঠিন দুর্যোগে হাত বাড়ানো। শুধু কৃতজ্ঞতা নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবেও আমাদের উচিত হবে এই ত্রাণ তত্পরতায় অংশ নেওয়া। এ কথা ঠিক, এক অর্থে আমরা এই ত্রাণ তত্পরতায় জড়িত আছি। হাইতির জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীর যে কয়েক শ সদস্য মোতায়েন রয়েছেন, তাঁরা গোড়া থেকেই ত্রাণকাজে জড়িত। কিন্তু আমি বলছি নাগরিক পর্যায়ে সংহতির কথা।হাইতির সমর্থনে যে ত্রাণ তত্পরতা চলছে, তার একটি বড় বৈশিষ্ট্য হলো নাগরিক পর্যায়ে অভূতপূর্ব অংশগ্রহণ। ওপরে যে টেলিথনের কথা বললাম, তাতে সারা পৃথিবীর মানুষ অংশ নিয়েছে। খুব বেশি অর্থ কেউ দেয়নি, দেওয়ার প্রয়োজনও পড়েনি। মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ-দশ ডলার করে অর্থ সংগ্রহ করা হয়েছে। নির্দিষ্ট নম্বরে টেক্সট মেসেজ পাঠিয়ে অর্থ সংগ্রহ করা হয়েছে। একটি মেসেজ পাঠানো মানে পাঁচ বা দশ ডলার সাহায্য দেওয়া। মাসের শেষে টেলিফোন বিলে সেই টাকা যুক্ত হবে। টেলিফোন কোম্পানিগুলো রাজি হয়েছে প্রাপ্ত সব টাকা তারা এখনই তুলে দেবে, বিলের জন্য অপেক্ষা করতে হবে না। প্রদত্ত অর্থের পরিমাণ অধিকাংশের সাধ্যসীমার মধ্যে হওয়ায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সব ধরনের মানুষই সোত্সাহে এই উদ্যোগে অংশ নিতে পেরেছে।আমাদের দেশের তারকা শিল্পীরাই বা এ রকম একটি উদ্যোগের কথা কেন ভাবেন না? এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়েরা। তাঁরাও এই কাজে হাত লাগাতে পারেন। স্থানীয় এক বা একাধিক সেলফোন কোম্পানি যদি এই কাজে সমর্থন দেয়, বাংলাদেশের মানুষও, তা তারা যেখানে যত প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন, হাইতির মানুষের পাশে দাঁড়াতে পারে। এদের সবাইকে এক করবেন কে? যদি কেউ এগিয়ে না আসেন, প্রথম আলো কেন সে দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় না?হাইতিকে ভুলে যাবেন না। সে দেশের মানুষ পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে আছে। হাইতির এই দুর্যোগে আমাদেরও উচিত হবে তাদের পাশে দাঁড়ানো।