হাইতির কলেরা অনুসন্ধানে জাতিসংঘের তদন্ত দল গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরার উত্স অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত দল গঠনের ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গতকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিব সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন। গত অক্টোবরের শেষের দিকে হাইতিতে কলেরা দেখা দেয়। ক্রমে তা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে দুই হাজারেরও অধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসুস্থ হয়েছেন ৯১ হাজারেও বেশি মানুষ। নেপাল থেকে আগত জাতিসংঘের শান্তিসেনার হাইতিতে কলেরার জীবাণু ছড়িয়েছেন বলে দেশটির কিছুসংখ্যক লোক অভিযোগ তুলেছে। এ নিয়ে হাইতিতে জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশও হয়েছে। হাইতির বিক্ষুব্ধ জনতা জাতিসংঘের সেনা ও তাদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। হাইতি ছেড়ে যেতে জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে স্লোগানও দিয়েছে তারা।গত সপ্তাহে মার্কিন গবেষকেরা তাঁদের এক প্রতিবেদনে বলেছেন, হাইতিতে দেখা দেওয়া কলেরার জীবাণু দক্ষিণ এশিয়া থেকে এসেছে এবং তা বাংলাদেশের সাদৃশ্য।জাতিসংঘ এত দিন দাবি করেছে, নেপালি সেনারা এ জীবাণু বহনের জন্য যে দায়ী তার কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। সব সেনাকে পরীক্ষা করে নেতিবাচক ফলাফল পাওয়া গেছে। তবে গতকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিব সাংবাদিকদের বলেছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যানের সঙ্গে আলোচনা করে তিনি একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করেছেন। বান কি মুন বলেন, তদন্ত দলটি হবে পুরোপুরি স্বাধীন এবং জাতিসংঘের সব পর্যায়ে ও ব্যক্তির কাছে এর পূর্ণ প্রবেশাধিকার থাকবে। এ তদন্ত দলের সদস্যদের নাম খুব দ্রুতই ঘোষণা করা হবে বলেও তিনি জানান। তদন্ত দলে একজন মহামারি বিশেষজ্ঞ ও একজন অণুজীববিশেষজ্ঞ অন্তর্ভুক্ত হতে পারে।বান কি মুন বলেন, ‘এর উত্স খুঁজে পেতে এবং হাইতির জনগণ যে প্রশ্নের উত্তর পাওয়াটা প্রত্যাশা করে, তা উদঘাটন করতে আমরা আমাদের সবটুকু শ্রম দেব।’ রয়টার্স।