হাইতির কলেরা প্রতিরোধে নতুন করে সাহায্যের আবেদন জাতিসংঘের
হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। সে সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ জরুরিভিত্তিতে দেশটির জন্য নতুন করে এক কোটি ৬৪ লাখ ডলারের অর্থ সাহায্য চেয়েছে।জাতিসংঘের মুখপাত্র এলিজাবেথ বাইয়াস বলেছেন, ‘তহবিল না পেলে আমরা এই মহামারির কাছে হেরে যাব। তাই আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব এই সহায়তা দরকার।’এলিজাবেথ বাইয়াস আরও জানিয়েছেন, এ তহবিল দিয়ে অধিকসংখ্যক চিকিত্সক নিয়োগ দেওয়া হবে। এর পাশাপাশি ওষুধ ও পানি বিশুদ্ধকরণের কাছে তহবিলের একটি বড় অংশ ব্যয় করা হবে। এ পর্যন্ত কলেরায় হাইতিতে প্রায় ৮০০ লোক মারা গেছে। কমপক্ষে ১১ হাজার লোক এই জীবনঘাতী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সা নিচ্ছে। দেশটিতে কর্মরত আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে, তারা হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে কলেরা ছড়িয়ে পড়া প্রতিরোধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।আশঙ্কা করা হচ্ছে, হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে অবস্থিত ভূমিকম্প-দুর্গতদের আশ্রয় শিবিরে কলেরার জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এসব আশ্রয় শিবিরে কলেরার জীবাণু ছড়িয়ে পড়লে প্রায় ১১ লাখ মানুষের জীবন হুমকির সম্মুখীন হতে পারে। বিবিসি।