হাইতির কলেরা মোকাবিলায় অতিরিক্ত চিকিৎসক-সেবিকা চেয়েছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় মৃতের হার প্রতিরোধ এবং বিপুলসংখ্যক রোগীকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দিতে এক হাজারেরও বেশি সেবিকা ও ১০০ জন চিকিৎসক প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। হাইতি সফররত জাতিসংঘের শীর্ষ মানবতাবিষয়ক কর্মকর্তা ভ্যালেরি অ্যামোস দেশটির রাজধানী পোর্ট অ প্রিন্সে এ কথা বলেন। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, হাইতিতে চিকিৎসক ও সেবিকার সংখ্যা অপর্যাপ্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের অভাবে তাদের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।হাইতির সরকার বলছে, দেশটিতে এ পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ জন কলেরায় মারা গেছে। এ ছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে ২৫ হাজারেরও বেশি কলেরা আক্রান্ত রোগী সেবা নিচ্ছে। এত বিপুলসংখ্যক রোগীকে পর্যপ্ত চিকিত্সাসেবা দিতে হাইতির স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। তা ছাড়া চিকিৎসা উপকরণের অপর্যাপ্ততা তো রয়েছেই। বিশ্বব্যাংক হাইতির জন্য ইতিমধ্যে এক কোটি ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে। গত মাসের শেষের দিকে দেশটির মধ্যাঞ্চলে প্রথমবারের মতো কলেরা দেখা দেয়। পরবর্তী সময়ে তা মহামারি আকারে দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। হাইতি সরকার রোগটিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে।—বিবিসি।