হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মরটেলি
বার্তা সংস্থা রয়টার্স পিইসির বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিক ফলে মরটেলি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক ফার্স্ট লেডি ও সাবেক সিনেটর মারলান্দে ম্যানিগাত পেয়েছেন ৩২ শতাংশ ভোট। মরটেলি তাঁর টুইটার অ্যাকাউন্টে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা হাইতিবাসীর জন্য কাজ করে যাব। আর এ কাজ আমরা একসঙ্গে করতে পারি।’পিইসি ১৬ এপ্রিল চূড়ান্ত ফল ঘোষণার আশা করছে। গত ২০ মার্চ দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়েছিল। এর আগে গত ২৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণ করা হয়। কিন্তু ওই নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিকটতম দুই প্রার্থী মরটেলি ও ম্যানিগাতের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়।বিশ্লেষকেরা বলছেন, মরটেলি রাজনৈতিকভাবে অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও তাঁর সংস্কার প্রস্তাবকে দেশটির গরিব ও বেকার জনগোষ্ঠী ইতিবাচকভাবে নিয়েছে। তিনি নির্বাচনী প্রচারণায় হাইতিবাসীর জন্য পরিবর্তনের অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তাঁকে ভূমিকম্প-পরবর্তী হাইতির পুনর্গঠনসহ বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বর্তমান প্রেসিডেন্ট রেনে প্রেভালের মেয়াদ শেষ হয় গত ৭ ফেব্রুয়ারি। তবে দেশের পার্লামেন্ট তাঁকে ১৪ মে পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে।