হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন পরাজিত প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন পরাজিত প্রার্থী মারলান্দে ম্যানিগাত। তিনি অভিযোগ করেছেন, অস্থায়ী নির্বাচন কমিশন (পিইসি) ফল জালিয়াতি করেছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।পিইসি গত সোমবার দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ করে। এতে দেখা গেছে, ‘সুইট মিকি’ নামে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী মিশেল মারটেলি প্রায় ৬৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর সাবেক ফার্স্ট লেডি ও সাবেক সিনেটর ম্যানিগাত পেয়েছেন ৩২ শতাংশ ভোট। ১৬ এপ্রিল চূড়ান্ত ফল ঘোষণা করার কথা রয়েছে।প্রাথমিক ফল জনসম্মুখে ঘোষণার কয়েক ঘণ্টা পরে ম্যানিগাত তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভোট দিয়েছেন। কিন্তু তারা আপনার ভোট গণনা কেন্দ্রে চুরি করেছে।’ তিনি ফল স্থগিতের আহ্বানও জানান। তবে ম্যানিগাতের প্রচারাভিযানের একজন সদস্য বলেছেন, ম্যানিগাত শিগগিরই ফল চ্যালেঞ্জ করছেন না। বিশ্লেষকেরা বলছেন, প্রাথমিক ফলে ব্যবধান এত বেশি যে মারটেলির বিজয় প্রায় নিশ্চিত। গত ২০ মার্চ হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট নেওয়া হয়েছিল। এর আগে গত ২৮ নভেম্বর প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী মারটেলি ও ম্যানিগাতের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়।