হাইতির প্রেসিডেন্টের থাকার জায়গা নেই : হিলারি
হাইতির প্রেসিডেন্ট কোথায় থাকবেন, তা এখনো ঠিক হয়নি। ভূমিকম্প বিধ্বস্ত দেশটিতে প্রেসিডেন্টের থাকার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়াশিংটনে যাওয়ার পথে হনোলুলু ও হাওয়াইয়ে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত মঙ্গলবারের ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে ১০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।ভূমিকম্পে হাইতির প্রেসিডেন্ট প্রাসাদ বিধ্বস্ত হয়েছে। প্রেসিডেন্ট রেনি প্রিভাল ও তাঁর স্ত্রী প্রাণে বেঁচে গেলেও এখনো তাঁদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। হাইতির যোগাযোগব্যবস্থা এত বিপর্যস্ত হয়ে পড়েছে যে, সে দেশের সঙ্গে যোগাযোগ করাই কঠিন হয়ে পড়েছে। হাইতির যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান হিলারি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিকর্মীরা হাইতির ভূমিকম্প-দুর্গতদের সব ধরনের সাহায্য দিচ্ছেন। ভূমিকম্প বিধ্বস্ত হাইতির উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি রক্ষা করতেও জাতিসংঘ কাজ করে যাবে। হাইতির ভূমিকম্পকে সুনামির মতোই ভয়ংকর বলে মনে করছেন হিলারি। ধ্বংসস্তূপের নিচে এত বেশি মানুষ চাপা পড়েছে যে তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। প্রকৃত অবস্থা জানতে কী করা যায়, সে সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতীয় নিরাপত্তা পরিষদ ও প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবারের ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে ১০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে। খাদ্য, পানি, ওষুধ ও গোয়েন্দা কুকুর নিয়ে হাইতিতে প্রথম পণ্যবাহী বিমানটি পৌঁছেছে। ভূমিকম্পে হাইতির অনেক হাসপাতাল ও স্কুল বিধ্বস্ত হয়েছে। সেখানকার রোমান ক্যাথলিক আর্চ বিশপ মারা গেছেন বলে এপি জানিয়েছে। ভূমিকম্পে দেশটির যোগাযোগব্যবস্থা এত বিপর্যস্ত হয়ে পড়েছে যে নিহত বা আহতের সঠিক সংখ্যা ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা কঠিন হয়ে দাঁড়িয়েছে।