হাউজির দখলে জিমনেসিয়াম
রাজশাহী জেলা জিমনেসিয়ামে সন্ধ্যার পর গেলে যে কারোরই মনে হতে পারে, ভুল করে কি ক্যাসিনোতেই চলে এলাম? ক্যাসিনোর মতোই এখানে সারা রাত চলে হাউজি খেলা, বসে জুয়ার আড্ডা। রাজশাহীর খেলাধুলার উন্নয়ন ও জেলা ক্রীড়া সংস্থাকে আর্থিকভাবে লাভবান করার জন্য মূলত হাউজি পরিচালনার অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু প্রতিদিন সন্ধ্যার পর শুরু হয়ে পুলিশি পাহারায় নগরের জেলা জিমনেসিয়ামে বসে জমজমাট হাউজির আসর, যার প্রভাব পড়ছে খেলাধুলায়।সন্ধ্যার পর জেলা জিমনেসিয়ামে কোনো ইনডোর ইভেন্টের প্র্যাকটিস ও প্রতিযোগিতা হয় না। অনুশীলন চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও সন্ধ্যার আগেই জিমনেসিয়াম ছেড়ে যেতে হয় খেলোয়াড়দের। অথচ জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির নির্বাচনের আগে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের কাছে অঙ্গীকার ছিল হাউজির জন্য আলাদা ভবন নির্মাণ করে জেলা জিমনেসিয়ামকে খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কিন্তু অঙ্গীকারই সার। সেটি আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বর্তমান কমিটির মেয়াদ শেষ পর্যায়ে এলেও হাউজির জন্য গড়ে ওঠেনি আলাদা কোনো ভবন। ফলে বাধ্য হয়েই জেলা স্টেডিয়ামে আয়োজন করতে হয় ইনডোরের সব প্রতিযোগিতা।স্টেডিয়ামের যে কক্ষে এখন ইনডোরের প্রতিযোগিতা চলে, সেই জায়গাটাও মারাত্মক ঝুঁকিপূর্ণ। বাঁশের খুঁটি দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে ছাদ। বাঁশ হেলে পড়লে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমন ভীতিকর পরিবেশের মধ্যেই চলছে খেলাধুলা। গত ৩০ মে এখানে হয়ে গেল জুডো প্রতিযোগিতা। জেলা জুডো সমিতির সম্পাদক জাবেদ আকতার হতাশ কণ্ঠে বললেন, ‘হাউজির জন্য বিকেল পাঁচটার মধ্যে জিমনেসিয়াম ছেড়ে দিতে হয়। যে কারণে দিনব্যাপী প্রতিযোগিতা দিনে দিনেই শেষ করা যায় না। ১৯টি ওজন শ্রেণী শেষ করতে রাত ১০টা তো বাজেই। তাই জিমনেসিয়াম ছেড়ে স্টেডিয়াম ভবনে আয়োজন করছি। রাত হলেও এখানে তেমন সমস্যা হচ্ছে না।’ এর আগেও এই হাউজির জন্য কারাতে প্রতিযোগিতা হয়েছে জেলা স্টেডিয়ামে। শুধু জুডো-কারাতেই নয়, অনেক ইনডোর ইভেন্টও ঝুঁকিপূর্ণ এই স্টেডিয়াম ভবনে আয়োজন করতে হয় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন শাখা সমিতিগুলোকে। নাম প্রকাশ না করার শর্তে ইনডোর গেমসের এক প্রশিক্ষক বললেন, ‘খেলার চেয়ে রাজশাহীতে হাউজি বড়। তাই জিমনেসিয়াম ছেড়ে আমাদের অন্য জায়গায় ছুটে বেড়াতে হয়।’ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রইস উদ্দিন আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা সুইমিং পুলের পাশে বড় ফাঁকা জায়গায় হাউজির জন্য আলাদা ভবনের নকশা তৈরি করেছিলাম। কিন্তু থ্রি স্টার হোটেল নির্মাণের জন্য মাথা ঘামাতে গিয়ে কিছুই হয়নি। তা ছাড়া আমাদের বাকি পাঁচ মাস মেয়াদের মধ্যে হাউজির জন্য আলাদা ভবন তৈরির চিন্তাও নেই। তবে ভবিষ্যতে যে কমিটি আসবে, তাদের হাউজির জন্য আলাদা ভবন তৈরি করতে হবে।’ দুলাল আবদুল্লাহ, রাজশাহী