হাউসফুল ও এফএনএফের পর রনির ইশকুল
হাউসফুল ও এফএনএফ ধারাবাহিকের পর এবারে নতুন আরেকটি ধারাবাহিক নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন নির্মাতা রেদওয়ান রনি। নতুন ধারাবাহিকটির নাম ‘ইশকুল’। আজ মঙ্গলবার থেকে মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে নাটকটি। নাটকটি যৌথভাবে লিখছেন আতিক জামান, পল্লব বিশ্বাস, জয়ন্ত রোজারিও ও রেদওয়ান রনি। পাশাপাশি এঁরা রনির সঙ্গে পরিচালনার কাজেও সহযোগী আছেন।ইশকুল ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে দশম শ্রেণী থেকে এসএসসি সম্পন্ন হওয়ার সময়টাকে কেন্দ্র করে। এ সময়ে ছাত্রদের মধ্যে যেসব ঘটনা ঘটে থাকে, তাই তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাটক প্রসঙ্গে রনি বলেন, ‘সাধারণত সবারই অতীত চারণের একটা প্রবণতা থাকে। এ ছাড়া স্কুল নিয়ে কম-বেশি সবারই অনেক ধরনের স্মৃতি রয়েছে। নাটকটির মাধ্যমে দশম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত ছাত্রদের মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়ও তুলে ধরার চেষ্টা করব।’রনি বলেন, ‘ইশকুল ধারাবাহিকটি ২৬ পর্বে শেষ হবে। এরপর এই ধারাবাহিকের পরবর্তী পর্যায় হিসেবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় অংশ নিয়েও কাজ করার কথা ভাবছি।’ইশকুল নাটকের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, সুমন পাটওয়ারী, জয়রাজ প্রমুখ।২০১০ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পাবনায় নাটকটির শুটিং শুরু হয়।ইশকুল ধারাবাহিকটি ছাড়া রনি বর্তমানে রেডিও চকলেট নামের নতুন একটি ধারাবাহিকের শুটিং করছেন। দেশ টিভির জন্য নির্মিত এ নাটকটি লিখেছেন আনিসুল হক।নাটকের বাইরে রনি প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণের কাজও শেষ করেছেন। তাঁর প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে ‘চোরাবালি’। চোরাবালি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম ও কলকাতার ইন্দ্রনীল।